ধর্ষণের মামলা প্রত্যাহার সরকারের সিদ্ধান্তে
ষোলো বছর আগে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা করেছিলেন কেরানীগঞ্জের এক কিশোরী। পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। হতদরিদ্র কিশোরী আদালতে হাকিমের কাছে জবানবন্দিও দিয়েছিলেন।
কিন্তু মামলার নয় বছরের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রাষ্ট্রপক্ষ মামলাটি না চালানোর সিদ্ধান্ত নিলে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে সেটা প্রত্যাহার হয়। তার অনেক আগেই অবশ্য আসামিপক্ষের হুমকি ও চাপের কাছে নতি স্বীকার করে আপস করতে বাধ্য হয়েছিলেন কিশোরী ও তার পরিবার।
মেয়েটি এখন ঘর-সংসার করা নারী। গত বছরের অক্টোবরে এই প্রতিবেদক ঠিকানা খুঁজে তাঁর বাড়িতে যান। তিনি বলেন, ঘটনার দিন বাড়ির কাছে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়েছিলেন। সেখানে প্রতিবেশী বিল্লাল হোসেনসহ পাঁচজন তাঁকে ধর্ষণ করেন।
২০০২ সালের ২১ জুলাই এই অভিযোগে তাঁর এজাহারেই কেরানীগঞ্জ থানায় ধর্ষণের মামলা হয়েছিল। উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের তদন্ত করে পরের বছর বিল্লাল, ইকবাল, মুরসালিন ও আবুল হোসেন-এই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলাটি ২০০৩ সালের ২২ মার্চ ১ নম্বর নারী-শিশু ট্রাইব্যুনালে বিচারের জন্য যায়। কিন্তু ২০১০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
সে বছর ৭ অক্টোবর মন্ত্রণালয়ের তৎকালীন সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা জেলার পুলিশ সুপার ও সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) বরাবর একটি চিঠি পাঠান। তিনি লেখেন, ‘মামলাটি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় আদালতের সম্মতি নিয়ে পিপি চলমান কোনো মামলায় আসামির বিরুদ্ধে মামলা চালানো থেকে সরে দাঁড়াতে পারেন। তখন আসামি মুক্তি পান। ট্রাইব্যুনালের বিচারিক নিবন্ধন খাতায় লেখা আছে, ২০১১ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মামলাটি প্রত্যাহার করা হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আগের সরকারের আমলে ‘রাজনৈতিক বিবেচনায়’ করা মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা একটি কমিটির মাধ্যমে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে সাড়ে ৭ হাজার মামলা প্রত্যাহার করা হয়।
সেই প্রত্যাহারের তালিকা প্রণয়নের প্রক্রিয়া নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ ওঠে। তালিকায় হত্যা ও ধর্ষণের অনেক মামলাও ঠাঁই পায়, যা বিতর্কের জন্ম দিয়েছিল। বিতর্কের মুখে প্রক্রিয়াটি পরে বন্ধ হয়ে যায়।
গত বছর প্রথম আলোর অনুসন্ধানের সময় গ্রামের লোকজন বলেছিলেন, খালাস পাওয়া প্রধান অভিযুক্ত বিল্লাল এলাকায় থাকেন না। বাকিরা বিদেশে আছেন।
ধর্ষণের অভিযোগকারী নারী অবশ্য মামলার এই পরিণতির কথা জানেন না। অভিযুক্ত ব্যক্তিরা রাজনীতি করতেন কি না, তা-ও জানেন না। তাঁর শুধু মনে আছে, আসামিরা বছরখানেক জেলে থেকে বেরিয়ে আসার পর তাঁদের ওপর প্রবল চাপ আসে।
ওই নারী বলেন, তাঁরা গরিব মানুষ। স্থানীয় এক ‘নেতা’ আর প্রভাবশালী লোকেরা আপস করার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে তিনি ও তাঁর পরিবার ‘নত’ হয়ে আপস মেনে নেন। তাঁদের পনেরো-কুড়ি হাজার টাকা দেওয়া হয়।
পরিবারটি এখনো গরিব। আশপাশের সব বাড়িতে বিদ্যুতের আলো, কিন্তু তাঁদের ঘরে কুপি জ্বলে। তাঁর মা বলেন, ‘বিচার পাওয়ার আশায় থানা, হাসপাতাল ও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছি। পরে বাধ্য হয়ে আপস করে ফেলেছি।’ আর ভুক্তভোগী মেয়েটি বলেন, গরিবের আপস করা ছাড়া উপায় নাই।