ধর্ষণের মীমাংসা সালিসে?
মানসিক প্রতিবন্ধী একটি মেয়েকে (১২) ধর্ষণ করেন এক ব্যক্তি। এটা জানাজানি হলে গ্রামে সালিস বসানো হয়। অভিযুক্ত ব্যক্তিকে ভর্ৎসনা ও জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়।
শিশুটির পরিবার ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবন্ধী মেয়েটির বাবা পেশায় বাসচালকের সহকারী। মা দেড় বছর ধরে বিদেশে থাকেন। ছোটবেলা থেকেই মেয়েটি মামাবাড়িতে থাকে। ঈদুল আজহার কয়েক দিন আগে মেয়েটি প্রতিবেশী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করছিল। এ সময় গ্রামের দুলাল মিয়া নামের এক ব্যক্তি মেয়েটিকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর ঘরের ভেতর নিয়ে তাকে ধর্ষণ করেন তিনি। ১০ সেপ্টেম্বর মেয়েটি বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। এরপর শিশুটির পরিবারের লোকজন স্থানীয় ও গ্রামের মাতবরদের বিষয়টি জানান।
গত শুক্রবার বিকেলে গ্রামের মাতবর ফজল খানের বাড়িতে সালিস বৈঠক বসে। সালিসে স্থানীয় মাতবর মহব্বত আলী, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অহিদুল ইসলাম, ফজল খানসহ উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। দুপক্ষের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর সেখানে অভিযুক্ত দুলাল মিয়াকে কান ধরে ওঠবস ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়েটির স্বজনেরা বলেন, ঘটনা জানার পর মহব্বত আলীসহ গ্রামের মাতবরদের কাছে যান তাঁরা। মাতবরেরা সালিসে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। এ কারণে তাঁরা আইনের আশ্রয় নেননি। মেয়েটির দাদি বলেন, ‘সালিসে আমার নাতনির ইজ্জতের দাম ৪০ হাজার ট্যাহা করা অয়। হেই ট্যাহাও পাই নাই।’
গতকাল বেলা দেড়টার দিকে কথা বলার জন্য অভিযুক্ত দুলাল মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সালিসের পর থেকেই পরিবার-পরিজন নিয়ে তিনি অন্যত্র গেছেন বলে প্রতিবেশীরা জানান। গ্রামের মাতবর ফজল খান বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আমার বাড়িতে সালিস বসায়। তাই সালিসে না থেকে পারিনি। কিন্তু আমি কোনো রায় দিই নাই।’
মহব্বত আলী বলেন, ‘সালিসে আমি ছিলাম। কিন্তু আমি কোনো রায় দিই নাই। সালিসে শাস্তি ও জরিমানা করার কথা শুনেছি।’
ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। মেয়েটির বাবার ফোন পেয়ে তিনি ওই সালিসে যান। তবে রায় ঘোষণার আগেই তিনি সেখান থেকে চলে যান।
ঘিওর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।