ধর্ষণের শাস্তি জুতাপেটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শাহজাহানতো আমরারওই৷ একটা ভুল (ধর্ষণ) কইরা ফালাইছে৷ ভুলডা অবশ্য বড়৷ ভুল যখন করছে, শাস্থি তার পাইতেই হইব৷ রায় হইল দুইটা জুতাপেটা৷ রায় তামিল করব মেয়ের (ধর্ষণের শিকার) মামা৷’
সালিস বৈঠকে শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে দুটি জুতাপেটার এই শাস্তি নির্ধারণ করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের পল্লিচিকিৎসক ফজলুল হক৷ ফজলুল হক ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি৷
গত রোববার সন্ধ্যায় ছয়সুতি ইউনিয়নের উত্তর নন্দরামপুর গ্রামে ওই সালিস বৈঠক বসে৷ বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় আবদুল কাদির মাস্টার৷ বৈঠকে গ্রামের অন্তত ২০০ নারী-পুরুষ উপস্থিত ছিলেন৷
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির (১২) বাড়ি ভৈরবে৷ সে পাশের কুলিয়ারচরে তার মামাবাড়িতে থাকে৷ ২০ মে বিকেলে মামাবাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিল সে৷ পথে নওয়াগাঁও গ্রামের শাহজাহান মিয়া (৩২) তাকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করেন৷ মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানায়৷ এরপর আইনি সহায়তা দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পপি’র পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের সদস্যরা শিশুটির পাশে দাঁড়ান৷ কিন্তু মামলা করতে বাধা দেন স্থানীয় মাতবর ফজলুল হক, হামিদ মিয়া, আমিনুল মিয়া, সাদেক মিয়া ও মাসুদ মিয়া৷ তাঁরা রোববার বিকেলে সালিস বৈঠক বসান৷ সবার সামনে ধর্ষণের দায় স্বীকার করেন শাহজাহান৷
মুঠোফোন বন্ধ পাওয়ায় ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা যায়নি৷ তবে সালিসে উপস্থিত হামিদ মিয়া ওই রায়ের কথা স্বীকার করে বলেন, ‘সমাজ নিয়ে চলতে হয়, তাই এর চেয়ে কঠিন িবচার করা গেল না৷’ ধর্ষণের মতো অপরাধ সালিসে নিষ্পত্তি করা যায় কি না—জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘আইনে পারা যায় না, সামাজিকভাবে চলে৷’
পপির পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. খোকন বলেন, সবার মধ্যে এই বিশ্বাস জন্মেছে, জুতাপেটায় ধর্ষণের মতো অপরাধ থেকে মাফ পাওয়া যায়৷ এ কারণে এখানে ধর্ষণ বাড়ছে৷
কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান বলেন, ধর্ষণের মতো ঘটনার সামাজিক সুরাহার কোনো সুযোগ নেই৷ কেউ এভাবে সুরাহা করে থাকলে তিনি/তাঁরা ধর্ষণে সহযোগিতার অপরাধে অভিযুক্ত হবেন৷