ধর্ষণের শাস্তি জুতাপেটা!
জরিমানা ২৫ হাজার টাকা, সঙ্গে ১০০ বার জুতাপেটা। দিনমজুর এক নারীকে ধর্ষণের দায় স্বীকার করা এক যুবককে এই শাস্তি দেওয়া হয় সালিস বৈঠকে। গত রোববার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই সালিসের আয়োজন করেন।ধর্ষিতার বাবার অভিযোগ, শনিবার তাঁর মেয়ে বিএনপির নেতা লুৎফর রহমানের বাড়িতে কাজ করতে যান। বিকেলে লুৎফরের ছেলে মিজানুর রহমান তালুকদার তাঁকে ধর্ষণ করেন। স্থানীয় প্রভাবশালীরা মীমাংসা করার কথা বলে তাঁকে মামলা করতে বাধা দেন। রোববার রাতে নোনা পুকুরপাড় প্রাথমিক বিদ্যালয়ে শাহজাহান সরদারের সভাপতিত্বে সালিসের আয়োজন করা হয়।সালিসে উপস্থিত সাবেক ইউপি সদস্য আবদুল জলিল জানান, মিজানুর রহমান সালিসে দোষ স্বীকার করলে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১০০ বার জুতাপেটা করার রায় ঘোষণা করেন শাহজাহান সরদার। জুতাপেটার রায় কার্যকর করেন মিজানুরের চাচা আলম তালুকদার। শাহজাহান সরদার বলেন, ‘মিজানুর দোষ স্বীকার করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ধর্ষিতাকে কিছু নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত ও মিজানুরকে ১০০ বার জুতাপেটা করা হয়েছে।’ওই দিনমজুর নারী বলেন, ‘প্রভাবশালী ব্যক্তিদের বাধার মুখে থানায় মামলা করতে পারিনি। ঘটনার পর আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন আমার কাছ থেকে লিখিত জবানবন্দি নিয়েছেন।’ এসআই মাহবুব বলেন, ‘অভিযোগকারী আইনি সহায়তা নিতে অপারগতা প্রকাশ করেন। তাই স্থানীয়ভাবে মীমাংসার দায়িত্ব দেওয়া হয়।’ বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, ধর্ষণের ঘটনা কোনোভাবেই সালিসযোগ্য নয়।