ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকদের বিচার ও ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট।
গতকাল রোববার নির্দলীয় ছাত্রজোটের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দিয়ে আসে। এর আগে ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে বাধা দেয় পুলিশ। সেখান থেকে একটি প্রতিনিধিদল স্মারকলিপি পৌঁছে দিয়ে আসে।
স্মারকলিপিতে বলা হয়, অপহরণ করে ধর্ষণের পর হত্যার ঘটনা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত নারী-শিশু নির্যাতনের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় যে মামলাগুলো হয়েছে, এগুলোর মধ্যে ৫০ শতাংশই রাস্তা থেকে অপহরণ করে গাড়ির মধ্যে নারী নির্যাতন ও ধর্ষণের মামলা।
স্মারকলিপিতে আরও বলা হয়, যৌন হয়রানি প্রতিরোধে দেশের প্রতিটি থানায় আলাদা সেল গঠন করতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, তা আজও বাস্তবায়িত হয়নি। এ থেকে যৌন নিপীড়নের মতো ভয়ানক বীভৎস অপরাধের বিষয়ে রাষ্ট্রের উদাসীনতা স্পষ্ট।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে এসব অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে বিচার শেষ করা, ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করা, সাক্ষ্য আইনের সংশোধন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারী সেল গঠন করে নারীর আইনি অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়।