ধর্ষণের শাস্তি ১৫ হাজার টাকা!
গ্রাম্য সালিসে ধর্ষককে ১৫ হাজার টাকা জরিমানা করে তাঁর অপরাধের শাস্তি দেওয়া হয়েছে। ধর্ষিতার পরিবার প্রভাবশালীদের চাপে সালিসের রায় মানতে বাধ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।এলাকাবাসী ও সালিসে উপস্থিত মাতব্বরদের বক্তব্যমতে, ৮ সেপ্টেম্বর রাত নয়টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের কিশোরী মেয়েকে (১৫) একা পেয়ে ধর্ষণ করেন একই গ্রামের বখাটে যুবক জাহাঙ্গীর আলম (২০)। পরে এ নিয়ে গ্রামে তিন দফা সালিস বৈঠক হয়। প্রথম দুটি বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৃহস্পতিবার রাতে বসে তৃতীয় সালিস বৈঠক। সলুকাবাদের একটি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সালিস বৈঠকে ধর্ষক জাহাঙ্গীরকে ১৫ হাজার টাকা জরিমানা করে রায় দেওয়া হয়েছে। এ সময় তাৎ ক্ষণিকভাবে জাহাঙ্গীরের পক্ষে তাঁর বাবা আবদুল মতিন গ্রাম্য মাতব্বর আবদুস সামাদের হাতে দেড় হাজার টাকা তুলে দেন। তবে সালিসের এ রায় মেনে নেয়নি কিশোরীর পরিবার।কিশোরীর বাবা গতকাল শনিবার সাংবাদিকদের জানান, ঘটনার দিন তিনি নোয়াখালীতে ছিলেন। খবর পেয়ে পরের দিন এলাকায় এসে তিনি বিষয়টি থানায় জানানোর চেষ্টা করেন। কিন্তু বখাটে যুবক জাহাঙ্গীরের বাবা আবদুল মতিন ও তাঁর পরিবারের লোকজন ভয়ভীতি দেখিয়ে তাঁকে থানায় যেতে দেননি। পরে সালিস বৈঠক বসিয়ে জাহাঙ্গীরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।সালিস বৈঠকে উপস্থিত ছিলেন গ্রাম্য মাতব্বর আবদুল হান্নান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। জরিমানার দেড় হাজার টাকা আছে মেম্বার আবদুস সামাদের কাছে।’ যোগাযোগ করা হলে মাতব্বর ও সলুকাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সামাদ বলেন, ‘জরিমানার টাকা আমি সালিস বৈঠকের সভাপতি আবদুন নূরের কাছে দিয়ে দিয়েছি।’আবদুন নূর বলেন, ‘ঘটনার পর দুই দফা সালিসে বসেও বিষয়টি নিষ্পত্তি করা যায়নি। তৃতীয় দফা সালিসে প্রমাণিত হয়েছে যে মেয়েটি ধর্ষিত হয়েছে। বৈঠকের রায় অনুযায়ী জরিমানার টাকা আজ (শনিবার) পরিশোধ করার কথা রয়েছে।’ ধর্ষণের মতো শাস্তির জরিমানা মাত্র ১৫ হাজার টাকা করা ঠিক হয়েছে কি না জানতে চাইলে আবদুন নূর বলেন, ‘সবাই মিলে এটা নির্ধারণ করেছেন। সভাপতি হিসেবে নীরব থাকা ছাড়া আমার কোনো উপায় ছিল না।’জানতে চাইলে বিশ্বম্ভরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। থানায় কেউ অভিযোগও করেনি।কথা বলার জন্য জাহাঙ্গীরের বাবা আবদুল মতিনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। বক্তব্য নেওয়া যায়নি জাহাঙ্গীরেরও।