ধর্ষণের শাস্তি ৩০ হাজার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বটতলী এলাকায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহদাত হোসেন নামের এক ব্যক্তিকে সালিসে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আটটার দিকে শাহদাত (৫০) একই এলাকার এক নারীকে (৩০) ধর্ষণ করেন। এ সময় আশপাশের লোকজন শাহদাতকে ধরে ফেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সালিসি বৈঠকের আয়োজন করা হয়। সালিসে শাহদাতকে ২০টি বেত্রাঘাত ও ৩০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণের শিকার নারীকে ১০টি বেত্রাঘাত করার সিদ্ধান্ত হয়। পরে কয়েকজন মাতবর বেত্রাঘাত না করার পক্ষে মত দিলে তাঁদের ক্ষমা করা হয়। সালিসে উপস্থিত স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জরিমানার টাকা আদায় করে স্থানীয় দুটি মসজিদের সংস্কারের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।