ধর্ষণের শাস্তির দাবিতে মানববন্ধন স্মারকলিপি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদলের তিন নেতার শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
‘নারী নির্যাতন প্রতিরোধে সহায়ক ও পর্যবেক্ষণ কমিটি’র উদ্যোগে যশোর জেলা কালেক্টরেট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। এতে বক্তারা অবিলম্বে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
গত রোববার চৌগাছার ডাকবাংলো এলাকার একটি বাড়িতে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ অভিযোগে এলাকাবাসী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ সানি, ছাত্রলীগের কর্মী নাঈম মো. শিমুল ও পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মাহবুব হাসানকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। তাঁরা বর্তমানে কারাগারে আটক আছেন। ধর্ষণের শিকার মেয়েটির বাবা ওই রাতেই চৌগাছা থানায় একটি মামলা করেছেন।
থানার এসআই শরিফুল ইসলাম গতকাল বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক তন্দ্রা ভট্টাচার্য, জাসদের সভাপতি ও মুক্তিযোদ্ধা রবিউল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি ডি এম শাহিদুজ্জামান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সহসভাপতি মাহবুবুর রহমান, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস, চাঁদের হাট যশোরের সাধারণ সম্পাদক ফারাজী আহম্মেদ সাঈদ, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা, নারীনেত্রী ফারদিনা রহমান প্রমুখ।