ধর্ষণের শিকার অগ্নিদগ্ধ সেই ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় ধর্ষণের শিকার হওয়ার পর শরীরে আগুন দিয়ে আত্মহননের চেষ্টাকারী স্কুলছাত্রী আফরোজা আক্তার (১৪) মারা গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আবু তালেব গতকাল শুক্রবার বলেন, অগ্নিদগ্ধ ওই ছাত্রীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তার দরিদ্র মা-বাবা অর্থাভাবে তাকে ঢাকায় নিতে পারেননি।গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বাবা আকাব্বর হোসেন ও বড় ভাই নুরুল ইসলাম আফরোজার লাশের পাশে আহাজারি করছিলেন। আকাব্বর বলেন, ‘আমার মেয়ের যে সর্বনাশ করেছে, আমি তার উপযুক্ত বিচার চাই।’আফরোজা পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি রফিকুল ইসলাম বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। বাড়ি পশ্চিম পারুল গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, একই গ্রামের লেবু মিয়া (২৫) গত ২০ জানুয়ারি রাতে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় আফরোজার পরিবার গ্রামবাসীর কাছে বিচার চায়। বিচার না পেয়ে মেয়েটি গত ২২ জানুয়ারি সকালে ঘরের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গ্রামবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।ধর্ষণের ঘটনায় নুরুল ইসলাম ২২ জানুয়ারি রাতে লেবু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগাছা থানায় মামলা করেন। পুলিশ লেবুকে গ্রেপ্তার করতে পারেনি। লেবু ও তাঁর লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে নুরুল ইসলাম অভিযোগ করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা ও পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম দাবি করেন, আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।