ধর্ষণের শিকার কিশোরী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলে যাওয়ার পথে এক মেধাবী কিশোরীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ধর্ষিত মেয়েটিকে তারা মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনের রাস্তায় ফেলে যায়। পরে স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত শনিবার সকালে উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়নের গৌপিন্দি এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষিত মেয়েটি প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলা পর্যায়ে মেধাতালিকায় স্থান পায়। জানতে চাইলে আড়াইহাজার থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মামলা হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিশোরীর পরিবার সাংবাদিকদের জানান, শনিবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো ওই কিশোরী স্কুলে যাচ্ছিল। পথে ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা এবং আবদুর রউফের ছেলে নাঈম তারেক ও তার সহযোগীরা তাকে জোর করে একটি বেবি ট্যাক্সিতে তুলে নিয়ে যায়। কয়েক কিলোমিটার দূরে রূপগঞ্জের আধুরিয়া এলাকার নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর বেবি ট্যাক্সিতে করে বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। আহত কিশোরীর চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ধর্ষণের শিকার কিশোরীর চাচা ঢাকার একটি কলেজের অধ্যাপক প্রথম আলোকে জানান, মেয়েটিকে বাঁচাতে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। সে এখন আইসিইউতে রয়েছে।মেয়েটির পরিবারের অভিযোগ, এ ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার একটি প্রভাবশালী মহল তাঁদের চাপ দিচ্ছে। তারা স্থানীয়ভাবে সালিসে বিষয়টি নিষ্পত্তি করার জন্য হুমকি দিচ্ছে। ব্রাহ্মণদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়ার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, নাইম নামে তাঁর কোনো ভাতিজা নেই। তবে আবদুর রউফ (নাইম তারেকের বাবা) তাঁর চাচাতো ভাই। তিনি উল্টো প্রশ্ন করেন, ‘একজন কিশোরীকে দিনে দুপুরে কীভাবে তুলে নিয়ে ধর্ষণ করল, কেউ দেখল না?’প্রসঙ্গত, এর আগে একটি ধর্ষণের ঘটনায় মামলা না নেওয়ায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের আইজিকে নির্দেশ দেন হাইকোর্ট।