ধর্ষণের শিকার কিশোরীকে যৌনকর্মী বলল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ফানুর গ্রামে ধর্ষণের শিকার সেই মেয়েটিকে (১৫) গতকাল রোববার জামিনে মুক্তি দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সঙ্গে আটক মেহেদি হাসান (২৫) ও তামীম মুন্সীর (২২) বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েটিকে গত শনিবার যৌনকর্মী হিসেবে উল্লেখ করে ময়মনসিংহের বিচারিক আদালতে হাজির করে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ। এ সময় মেহেদি ও তামীমকেও আদালতে হাজির করা হয়। গত বৃহস্পতিবার ফানুর গ্রাম থেকে ওই তিনজনকে আটক করে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল আদালতে মেয়েটি মেহেদি ও তামীমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে আদালত মেয়েটির জামিন মঞ্জুর করেন এবং ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। মেহেদি ও তামীমের জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মেয়েটির বাড়ি ময়মনসিংহের ভালুকায়। সে ভালুকার একটি পোশাক কারখানায় চাকরি করে। সহকর্মী মেহেদি হাসানের সঙ্গে তার জানাশোনা ছিল। ২৬ মার্চ রাতে মেহেদি হাসান ও তাঁর বন্ধু তামীম মুন্সী মেয়েটিকে তাদের বন্ধু কাইয়ুম মিয়ার ফানুর গ্রামের বাড়িতে নিয়ে যান। সে রাতে কাইয়ুম বাড়িতে ছিলেন না। কাইয়ুম মুঠোফোনে তাঁর দাদি আমেনা বেগমকে জানান তাঁর বন্ধুরা তাঁদের বাড়িতে বেড়াতে যাবেন। নাতির ফোন পেয়ে আমেনা বেগম ওই তিনজনকে বাড়িতে থাকতে দেন। মেয়েটি বলে, মেহেদি ও তামীম তাকে ওই বাড়িতে ধর্ষণ করে। এলাকাবাসী জানান, ঘটনা জানাজানি হলে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ওই তিনজনকে থানায় নিয়ে যান।শুক্রবার থানায় মেয়েটি সাংবাদিকদের বলে, মেহেদি ও তামীম তাকে ধর্ষণ করেছে। কিন্তু পুলিশ বিষয়টি আমলে না নিয়ে ঘটনাটিকে অসামাজিক কাজ হিসেবে উল্লেখ করে তাদের আদালতে হাজির করে।কাইয়ুমের দাদি আমেনা বেগম বলেন, মেয়েটি বলেছে, মেহেদি ও তামীম তাকে ধর্ষণ করেছে। কেন মেয়েটিকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে—এ প্রশ্নের জবাকে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর জব্বার প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির আচরণ যৌনকর্মীদের মতো মনে হয়েছিল এবং সে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগও করেনি।’ নাম প্রকাশে অনিচ্ছুক ফানুর গ্রামের একাধিক ব্যক্তি বলেন, ওই দুই ব্যক্তিকে বাঁচানোর জন্য এলাকার একটি মহল পুলিশের সঙ্গে যোগাযোগ করে থাকতে পারে। ঈশ্বরগঞ্জ থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘আমি সেদিন ছুটিতে ছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।’ জাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য সাংবাদিকদের বলেন, ‘আমি মেয়েটির সঙ্গে কথা বলেছি। প্রেমের সম্পর্কের সূত্র ধরে মেহেদি হাসান তাঁকে নিয়ে আসে। পরে মেহেদি ও তার বন্ধু তামীম তাকে ধর্ষণ করে।’