ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রেজতপুর গ্রামে ডাকাতি, ধর্ষণ ও হত্যার ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে ধর্ষণের শিকার গৃহবধূকে সোমবার রাতে পুনরায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থার অবনতি ঘটেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানতে চাইলে পুলিশ সুপার জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, মামলার প্রধান আসামি বাদশাসহ অন্য অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। বাদশা মাত্র ১০-১২ দিন আগে অন্য মামলায় জামিনে ছাড়া পান। জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, এটি একটি নৃশংস ও লোমহর্ষক ঘটনা। ওই নারীর প্রাথমিক চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাহাবুব হাসান জানান, ধর্ষণের শিকার গৃহবধূ শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তার ওপর সন্তানকে হারিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। মামলার তদন্ত কর্মকর্তা নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফুয়াদ রুহানী জানান, দুর্বৃত্তদের একজনকে ভুক্তভোগী নারী চিনতে পেরেছেন। তাঁর নাম বাদশা (৩৮)। তাঁর বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে। গত শনিবার রাতে উপজেলার রেজতপুর গ্রামে মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা ওই বাড়ির পুত্রবধূকে (২০) ধর্ষণ এবং তাঁর দুই বছরের শিশুসন্তানকে হত্যা করে।