ধর্ষণের শিকার গৃহবধূকে অপবাদ দিয়ে একঘরে
রংপুরের পীরগাছায় ধর্ষণের শিকার এক গৃহবধূকে ‘পতিতা’ অপবাদ দিয়ে পিটিয়েছেন গ্রাম্য মাতবরেরা। তাঁরা ওই গৃহবধূ, তাঁর স্বামী ও সন্তানদের সমাজ থেকে একঘরে করে রেখেছেন।মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের আবু সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম (৩০) গত ১৭ মার্চ রাত সাড়ে আটটার দিকে একই গ্রামের এক গৃহবধূর (৩৫) ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। গৃহবধূর স্বামী সন্তানদের নিয়ে এ সময় দাওয়াত খেতে গিয়েছিলেন।এ ঘটনার পর গ্রাম্য মাতবরেরা ওই রাতেই বিষয়টি আপস-মীমাংসার কথা বলে গৃহবধূকে আশরাফুলের বাড়িতে ডেকে নেন। এ সময় মাতবর আবু সিদ্দিক, হাফিজার রহমান ও নূর আলম গৃহবধূকে বিচারের নামে বাঁশের কঞ্চি দিয়ে মারধর করেন এবং ওই গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের একঘরে করার ঘোষণা দেন। পাশাপাশি তাঁরা গৃহবধূর সঙ্গে তাঁর স্বামীকে বসবাস করতে দিচ্ছেন না। বাধ্য হয়ে গৃহবধূ এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর সন্তানদের নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন তাঁর স্বামী।গৃহবধূ এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কাদের মণ্ডলের কাছে অভিযোগ করলে তিনি তাঁকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। অবশেষে তিনি ৯ এপ্রিল আশরাফুল ইসলামসহ ওই তিন মাতবরকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা করেন।গৃহবধূ অভিযোগ করেন, ‘বিচারের নামে আমাকে অপবাদ দিয়ে মাতবরেরা শারীরিকভাবে নির্যাতন করেছেন। আমার স্বামী ও সন্তানসহ আমাকে সমাজ থেকে একঘরে করে রেখেছেন। থানায় মামলা করলেও অজ্ঞাত কারণে পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না।’কান্দি ইউপির চেয়ারম্যান আবদুল কাদের মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গৃহবধূকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পীরগাছা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকতা খায়রুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঘটনাটি তদন্তের বিষয় আছে। এ কারণে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না।