ধর্ষণের শিকার গৃহবধূকে সালিসে নির্যাতন
নওগাঁর মান্দা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক গৃহবধূ নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সালিসে কথিত ধর্ষকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় শেষে মাতবরেরা তা ভাগাভাগি করে নেন। এ ছাড়া সালিসে ওই নারীকে শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ উঠেছে।এদিকে গতকাল রোববার গৃহবধূর স্বামী বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা করেছেন। এতে অভিযুক্ত জাইদুর রহমান ও ১২ গ্রাম্য মাতবরকে আসামি করা হয়েছে। মান্দা থানার ওসি আবদুল্লাহেল বাকী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর (৩০) স্বামী বাড়ি ছিলেন না। একপর্যায়ে একই এলাকার জাইদুর রহমান (২৮) নামের এক যুবক তাঁকে ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে জাইদুরকে আটক ও গৃহবধূকে উদ্ধার করেন। জাইদুরকে পুলিশে সোপর্দ করতে চাইলে স্থানীয় মাতবরেরা সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বলেন।শুক্রবার বিকেলে স্থানীয় একটি আমবাগানে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জায়েদুর রহমানের সভাপতিত্বে সালিসি বৈঠক হয়। এতে অন্যদের মধ্যে ইউপি সদস্য জয়েন উদ্দিন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, দলিল লেখক মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সালিসে জাইদুরকে দেড় লাখ টাকা জরিমানা ও গৃহবধূকে শারীরিক নির্যাতন করা হয়। ওই গৃহবধূ গত শনিবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, আইনের আশ্রয় নিতে চাইলে ইউপি সদস্য জয়েন উদ্দিন, আলমগীর হোসেনসহ কয়েকজন তাঁকে বাধা দেন। অসামাজিক কাজ করার অভিযোগ এনে সালিসে তাঁকে লাঠি দিয়ে পেটানো হয়। আদায় করা টাকার মাত্র ৬৮ হাজার তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয়। বাকি টাকা মাতবরেরা ভাগাভাগি করে নেন। গৃহবধূকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে সালিসের সভাপতি জায়েদুর জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। এ ছাড়া ‘ধর্ষকের’ কাছ থেকে দেড় লাখ নয়, ৮৫ হাজার টাকা আদায় করা হয়। এ থেকে স্থানীয় মাদ্রাসায় সাড়ে সাত হাজার, স্থানীয় ক্লাবে এক হাজার, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই হাজার, দলিল লেখক মফিজ উদ্দিনকে এক হাজার ও গ্রাম-পুলিশকে কিছু টাকা দেওয়া হয়।ধর্ষণের অভিযোগ ও সালিসের সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ধর্ষণের শিকার গৃহবধূকে নির্যাতন ও জরিমানা আদায়ের বিষয়টি তাঁর জানা নেই। টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে মান্দা থানার ওসি আবদুল্লাহেল বাকী জানান, ধর্ষণের ঘটনা সালিসে নিষ্পত্তি করা যায় না। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।