ধর্ষণের শিকার গৃহবধূর কাছ থেকে টাকা আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ তদন্তের নাম করে ধর্ষণের শিকার এক গৃহবধূর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ হোসেনের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
বোয়ালমারী প্রেসক্লাবে রোববার রাতে এক লিখিত অভিযোগে গৃহবধূ অভিযোগ করেন, ২১ জুলাই রাতে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামের এনায়েত হোসেন তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় তিনি পরের দিন ওই থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ বিষয়টি আমলে নেয়নি। এতে ২৪ জুলাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও ওই দিনই বিষয়টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ জানান। পরে উপপরিদর্শক খালিদ হোসেনকে অভিযোগ তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া হয়।
গৃহবধূ আরও অভিযোগ করেন, অভিযোগ তদন্তের জন্য খালিদ হোসেন তাঁর কাছে টাকা দাবি করলে তিনি এক হাজার টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পরও তদন্তে যাননি তিনি।
এদিকে তদন্তের জন্য কোনো টাকা নেননি দাবি করে এসআই খালিদ বলেন, ‘আমি তদন্তে যাইনি এ অভিযোগ সঠিক নয়। আসামি পলাতক থাকায় তাঁকে আটক করা যায়নি।’
ওসি মো. রুহুল আমীন বলেন, ‘তদন্তের জন্য খালেদ হোসেনের টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’ এনায়েত হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক মামলাসহ অনেক অভিযোগ রয়েছে এবং তাঁকে অনেক আগে থেকেই পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।