ধর্ষণের শিকার গৃহবধূর মামলা নিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে ধর্ষণের শিকার এক গৃহবধূর (২৮) মামলা নিচ্ছে না পুলিশ। গত রোববার হাসপাতালে এ অভিযোগ করেছেন ওই গৃহবধূ। ঘটনার পর সাত দিন ধরে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর মামলা না করায় চিকিৎসক তাঁর পরীক্ষাও করতে পারছেন না।চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, তাঁর স্বামী বিদেশে থাকেন। ২১ জুন সন্ধ্যায় তিনি মেয়েকে ইউনিয়নের চেয়ারম্যান বাজারে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ৮-১০ জন সন্ত্রাসী তাঁকে রাস্তা থেকে ধরে এলাকার একটি ক্লাবঘরে নিয়ে ধর্ষণ করে। ভোর চারটার দিকে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে। প্রথমে তাঁকে চরফ্যাশন ও পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।গৃহবধূর অভিযোগ, ঘটনার পর তাঁর পক্ষ থেকে মামলা করতে গেলেও চরফ্যাশন থানার পুলিশ মামলা নিচ্ছে না। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে লোকমান, ফারুক, হান্নান ও ফরিদ উদ্দিন মামলা না করার জন্য তাঁকে হুমকি দিচ্ছে। ভোলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শরীফ আহমেদ জানান, ওই গৃহবধূর অবস্থা ভালো নয়। কিন্তু মামলা না হওয়ায় যৌন নির্যাতনের এ ঘটনায় তাঁর পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না। এ ধরনের ঘটনায় সময় অতিক্রম হলে আলামত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, ‘যে নারী ধর্ষণের অভিযোগ তুলেছে, সে দুশ্চরিত্রা। স্বামীর অবর্তমানে তাঁর প্রেমিকের সঙ্গে রাত কাটিয়ে অন্যদের ফাঁসানোর চেষ্টা করছে। তাই মামলা নেওয়া হয়নি।’