ধর্ষণের শিকার ছাত্রীর লেখাপড়া বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছে। ওই ছাত্রীর পরিবার সমাজের বিভিন্ন ব্যক্তির কাছে ধরনা দিয়েও বিচার পায়নি। একপর্যায়ে মামলা দায়ের করলেও তা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে।
ছাত্রীর পরিবারের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি স্কুলের সপ্তম শ্রেণীর ওই ছাত্রী গত ২৫ ফেব্রুয়ারি রাতে প্রতিবেশীর ঘরে টেলিভিশন দেখতে গেলে প্রতিবেশীর ছেলে খলিল খাঁ (১৪) তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলারও হুমকি দেয় খলিল। ভয়ে শিশুটি কাউকে কিছু না বললেও স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
একপর্যায়ে পরিবারের চাপে পড়ে সে ঘটনা খুলে বলে। ৬ মার্চ রাতে গোয়ালন্দঘাট থানায় শিশুটির মা বাদী হয়ে খলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই ছাত্রী বলে, ‘লজ্জায় মুখ দেখাতে না পেরে বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। পরিবার ও আত্মীয়স্বজনের কথায় মঙ্গলবার থেকে বিদ্যালয়ে যাচ্ছি। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে গ্রামের মানুষ নানা কথা বলে। মনে হয় মরে যাই। আমি এ ঘটনার কঠিন শাস্তি চাই।’
গতকাল বুধবার খলিলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) রফিক উদ্দিন বলেন, খলিলের পরিবার অবস্থাপন্ন হওয়ায় স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেছিল। থানায় মামলা দায়েরের পর থেকে তাঁরা পলাতক রয়েছে।