ধর্ষণের শিকার দুই বোনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ধর্ষণের শিকার মামাতো ও ফুফাতো বোন দুই কিশোরী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা গতকাল সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম বলেন, ‘ধর্ষণের শিকার দুই বোনের ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।’
গত ১৪ এপ্রিল ওই দুই স্কুলছাত্রীকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি ভুট্টাখেতে পাঁচ তরুণ গণধর্ষণ এবং তা মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করেন।
এ ঘটনায় ১ জুন নির্যাতনের শিকার এক ছাত্রীর বাবা বাদী হয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে আরজি পেশ করেন। আদালতের নির্দেশে গত শনিবার চরভদ্রাসন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
গতকাল প্রথম আলোয় ‘দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ৫ তরুণের বিরুদ্ধে মামলা’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।