ধর্ষণের শিকার নারী ও যুদ্ধশিশুদের পুনর্বাসনে ব্যবস্থা নিন: ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার নারী ও যুদ্ধশিশুদের সামাজিকভাবে পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা নিতে সরকার ও বেসরকারি সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল বলেছেন, ধর্ষণের শিকার নারী ও যুদ্ধশিশুদের মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া উচিত। তাঁদের মানসিক ও সামাজিক নিরাপত্তার বিষয়টিতে গভীরভাবে নজর দেওয়া দরকার।
সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল এ মত দেন। রায়ে ধর্ষণের দায়ে কায়সারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগে ধর্ষণের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বেসরকারি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর উচিত সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধকালে ধর্ষণের শিকার নারী ও এ কারণে জন্ম নেওয়া শিশুদের শনাক্ত করা। এরপর তাঁদের সম্মানের সঙ্গে সমাজে পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। তাঁদের ভালোভাবে জীবনযাপনের জন্য সহযোগিতা ও প্রতি মাসে নির্দিষ্ট হারে ভাতার ব্যবস্থা করতে হবে। এই ক্ষতিগ্রস্তদের কষ্টের দাগ মুছতেই শুধু নয়, বরং জাতি ও সমাজের দুঃখমোচনের জন্যই এটা করা দরকার। নয়তো ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না, আর নিজেদের জীবন বিপন্ন করে স্বাধীনতা এনে দেওয়া এই মানুষগুলোর কাছে জাতি অকৃতজ্ঞই থেকে যাবে।’
কায়সারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দুটি। এর একটি হবিগঞ্জের চুনারুঘাটের চা-বাগানে এক আদিবাসী নারীকে এবং অন্যটি মাধবপুর থানার জগদীশপুর গ্রামের এক নারীকে ধর্ষণের অভিযোগ। কায়সারের সহযোগিতায় জগদীশপুরের ওই নারীকে পাকিস্তানি সেনারা ৮-১০ দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই নারীর গর্ভে জন্ম নেওয়া যুদ্ধশিশু কায়সারের বিরুদ্ধে সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষ দাবি করেছিল, এ দুটি অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত নারী ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
ধর্ষণের এ দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুনির্দিষ্ট বিধান আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে না থাকায় ট্রাইব্যুনাল তাঁদের ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেননি। পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল মনে করেন, যুদ্ধের সময় সেনারা শুধু একজন নারীর ওপর হামলার কার্যকর অস্ত্র হিসেবে ধর্ষণকে ব্যবহার করে না, বরং সামাজিক কাঠামো ভাঙার একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করে। ধর্ষণ একটি গোষ্ঠী বা সম্প্রদায়ের মনোবল ও স্থিতিশীলতা ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ও ধর্ষণের শিকার ব্যক্তির মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যায়। গুলির বদলে যখন অস্ত্র হয় ধর্ষণ, তখন এই অস্ত্র অনেকের ক্ষতি করে।
সাঈদীর বিরুদ্ধে মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল-১ বলেছিলেন, যৌন সহিংসতা গণহত্যা সংঘটনের একটি উপাদান। ধর্ষণ আগ্রাসনের বিশেষ একটি ধরন। কাউকে ভয় দেখাতে বা আত্মমর্যাদা নষ্ট করতে, বৈষম্য সৃষ্টি করতে বা শাস্তি দিতে, নিয়ন্ত্রণ বা নির্মূল করতে ধর্ষণ করা হয়।
কায়সারের বিরুদ্ধে রায়ে যুদ্ধশিশুদের প্রসঙ্গে বলা হয়, ধর্ষণের শিকার নারীর গর্ভে যে শিশুটি জন্মায়, সে জন্ম থেকেই যুদ্ধ করতে থাকে। তাদের জন্ম কেউ আশা করে না, তাদের পরিত্যাগ করা হয়। আত্মপরিচয়ের অভাবে ভুগতে থাকা এসব শিশু সমাজবিচ্ছিন্ন অবস্থায় অবহেলা ও বৈষম্যের জীবন যাপন করে। তারা যেন স্বাধীনভাবে বেড়ে উঠতে ও জীবন যাপন করতে পারে, এ জন্য সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। এ মামলায় ধর্ষণের শিকার যে দুজন নারী ও একজন যুদ্ধশিশুর কথা বলা হয়েছে, তাঁরা মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত সব নারী ও যুদ্ধশিশুর প্রতিনিধিত্ব করেন। হাজার হাজার ক্ষতিগ্রস্ত নারী ও যুদ্ধশিশু এখনো বেঁচে আছেন। তাঁরাও সমাজের একই ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।

একাত্তরে ধর্ষণের দায়ে প্রথম ফাঁসি কায়সারের
ট্রাইব্যুনাল বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার নারী ও জন্ম নেওয়া যুদ্ধশিশুরা আমাদের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের বিষয়ে আমরা আর চোখ বন্ধ করে থাকতে পারি না। জাতি ও সমাজকে অবশ্যই এগিয়ে আসতে হবে তাঁদের ত্যাগের স্বীকৃতি জানাতে, ক্ষত নিরাময় করতে, ক্ষতি পুষিয়ে দিতে। সামাজিক সেবার পাশাপাশি তাঁদের মানসিক যন্ত্রণা লাঘবের ব্যবস্থা করতে হবে। যাঁরা মারা গেছেন, তাঁদের মরণোত্তর সম্মান জানাতে হবে।’
এ প্রসঙ্গে ১৯৭২ সালে গঠিত মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসন কেন্দ্রের উদাহরণ দিয়ে ট্রাইব্যুনাল বলেন, মুক্তিযুদ্ধের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত নারীদের বীরাঙ্গনার সম্মান দেন। তৎকালীন সরকারের যুদ্ধ-পরবর্তী নীতির মাধ্যমে মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনের প্রক্রিয়া প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ওই একইভাবে ক্ষতিপূরণ কেন্দ্র বা পুনর্বাসন কেন্দ্র বা এ ধরনের প্রকল্প হাতে নিতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণ গণহত্যার সমতুল্য অপরাধ। একাত্তরে এ অপরাধের শিকার অসংখ্য মা-বোন ও যুদ্ধশিশুর প্রতি ট্রাইব্যুনালের এ রায় উৎসর্গ করা হলো।’ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।