ধর্ষণের শিকার নারী পুলিশ কন্যাকে কাছে পেতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের বয়স ২ বছর ১১ মাস। সাত মাস ধরে এই সন্তানকে দেখেন না মা। এই মা নিজে রাজধানীর একটি থানার পুলিশের নারী কনস্টেবল। সম্প্রতি তিনি পুলিশে কর্মরত সাবেক স্বামীর মাধ্যমে ধর্ষণের শিকার হন।

এই মেয়েকে দেখানোর কথা বলেই নারী পুলিশকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন তাঁর সাবেক স্বামী।
বর্তমানে এই নারী সন্তানকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। সারাক্ষণ মেয়ের জন্য কান্নাকাটি করছেন বলে জানালেন এই নারীর বোন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০, সংশোধিত ২০০৩) খিলগাঁও থানায় করা ধর্ষণ মামলার বাদী এই বোন।
ধর্ষণের শিকার নারীর বোন বলেন, ‘ধর্ষণের ঘটনার পর থেকে আমার বোনের মানসিক ও শারীরিক অবস্থা খুব খারাপ যাচ্ছে। বোনের স্বামী পলাতক থাকায় এখন বোনের বাচ্চাটি যে কই আছে তাও জানা যাচ্ছে না। এই বাচ্চাকে দেখানোর কথা বলেই বোনকে ডেকে নিয়ে পানির সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে তারপর বোনকে ধর্ষণ করে। বোন সারাক্ষণ মেয়ের জন্য কান্নাকাটি করছে।’
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) ধর্ষণ মামলায় আইনি সহায়তা দিচ্ছে। বিএনডব্লিউএলএ’র সদস্য আইনজীবী ফাহমিদা আক্তার প্রথম আলোকে জানান, আজ মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে ধর্ষণের শিকার নারীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া পারিবারিক আদালত এক আদেশে এই নারীর সন্তানকে বাবার জিম্মা থেকে মায়ের হেফাজতে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।
ধর্ষণের শিকার নারীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন।
নারী পুলিশ সদস্যের পরিবার জানায়, ওই নারী রাজধানীর একটি থানায় কর্মরত। তাঁর সাবেক স্বামী খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে কর্মরত। ২০১১ সালে পুলিশ স্বামীর সঙ্গে নারী পুলিশের বিয়ে হয়। গত বছর তালাক হয়। গত বছরের ২৮ নভেম্বর নারী পুলিশের বাড়ি থেকে তাঁর সাবেক স্বামী বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে তাঁর কন্যাকে ছিনিয়ে নিয়ে যান।
তালাকের পর নারী পুলিশ সদস্য ভরণ-পোষণের দাবি ও সন্তানকে নিজের কাছে রাখার আবেদন জানিয়ে আদালতে সাবেক স্বামী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।
পরিবার জানায়, এর মধ্যে গত ১০ জুন অসুস্থতাজনিত কারণে ওই নারী পুলিশ রাজারবাগ পুলিশ লাইনে চিকিৎসা নিতে যান। সেখানে খবর পেয়ে তাঁর সাবেক স্বামীও যান। সাবেক স্বামী তাঁকে কৌশলে হাসপাতাল থেকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার এক বাসায় নিয়ে যান। সেখানে তাঁকে সাবেক স্বামী ও তাঁর সহযোগীরা ধর্ষণ করেন। পরে বাড়ির মালিকের সহায়তায় ওই বাসা থেকে বের হয়ে নারী পুলিশ বিষয়টি পরিবারকে জানান।