ধর্ষণের শিকার নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে ধর্ষণের শিকার নারীকে সালিসের নামে এক মাতব্বর পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনায় দশমিনা থানায় মামলা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার দাসপাড়া ইউনিয়নের বিধবা ওই নারী (৩৮) স্থানীয় একটি বন্দরের খাবার হোটেলে কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর কাজ শেষে বাবার বাড়ি যাওয়ার পথে কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামসংলগ্ন একটি কালভার্টের ওপর তাঁকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে সেখান থেকে ওই গ্রামের ফজলু সরদার নামের এক ব্যক্তির ঘরে আশ্রয় নেন। পরদিন শুক্রবার বিষয়টি জানাজানি হলে গ্রাম্য মাতব্বর শফি নায়েব নিজের লোকজন নিয়ে এসে একতরফাভাবে বিচার করে এলোপাতাড়ি পিটিয়ে ওই নারীকেই জখম করেন। সন্ধ্যায় তিনি দশমিনা থানায় অভিযোগ করেন।আশ্রয়দাতা ফজলু সরদারের স্ত্রী ফেরোজা বেগম বলেন, ‘রাতে ওই নারী দৌড়ে এসে আমাদের বাড়িতে আশ্রয় নেন। দুপুরের দিকে তাঁকে রেখে আমি অন্য বাড়িতে পানি আনতে যাই। ফিরে দেখি, শফি নায়েব লাঠি হাতে তাঁর লোকজন নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। ওই নারী তখন জখম অবস্থায় উঠানে পড়ে ছিলেন।’ অভিযোগ অস্বীকার করে শফি নায়েব বলেন, তিনিও ঘটনাটি শুনেছেন। তবে কে বা কারা মহিলাটিকে মেরেছে তা জানেন না। গ্রামের ইউপি মেম্বার নূরুল ইসলাম বলেন, ‘আমরা কেউ সালিস বৈঠকের কথা জানি না। শুনেছি এক নারীকে মারধর করেছেন শফি মাতব্বর। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক আলী হাওলাদার জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল থানায় মামলা হয়েছে। ধর্ষণ ও নির্যাতনের শিকার ওই নারীকে আজ রোববার চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।