ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশুরা আইনি সুরক্ষা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশুরা আইনি সুরক্ষা পাচ্ছে না। বিচার চাইতে গিয়ে এসব শিশুর পরিবারকে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। বিচার পাওয়ার জন্য মামলা করেন যারা, একসময় বাধ্য হয়ে তারা তা তুলে নেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মো. মোশাররফ হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধীদের নির্যাতনের ঘটনা আদালত পর্যন্ত কমই আসে। প্রথমত, প্রতিবন্ধীদের ঘটনা হলে থানা মামলা নিতে চায় না। দেশের প্রচলিত আইনেও এই প্রতিবন্ধী নারী ও শিশুদের সুরক্ষায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি। মো. মোশাররফ হোসেন মজুমদার নিজে দৃষ্টিপ্রতিবন্ধী।প্রতিবন্ধীদের সঙ্গে কাজ করে এমন সূত্রগুলো বলছে, ঘটনা ঘটার পর ও বিচার-প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে মানসিক, শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধীরা যোগাযোগ সমস্যার মুখোমুখি হয়। তারা ঘটনার বর্ণনা দিলেও থানা বা আদালতে তাদের বলা বোঝার মতো উপযুক্ত মানুষ পাওয়া যায় না। অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধীর কথা অনেকে বিশ্বাস করতে চায় না। আরও কিছু সমস্যা আছে। জাতীয় প্রতিবন্ধী ফোরাম প্রতিবন্ধীদের অধিকারসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করার জন্য ‘ডিজঅ্যাবিলিটি রাইটস ওয়াচ গ্রুপ’ নামে একটি দল তৈরি করেছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই দলের সদস্য। এই দল ২০০৯ সাল থেকে অন্যান্য ঘটনার মধ্যে প্রতিবন্ধী শিশু ধর্ষণের নয়টি ঘটনা তদন্ত করে। ফোরামের সহকারী সমন্বয়কারী নাজমা আরা বেগম প্রথম আলোকে বলেন, এর মধ্যে নারায়ণগঞ্জের ধর্ষণের শিকার দুটি পরিবার আপস করতে বাধ্য হয়। কারণ, প্রতিপক্ষ ছিল রাজনৈতিকভাবে প্রভাবশালী। টাকার বিনিময়েও আপস করার ঘটনা আছে। নাজমা আরা বলেন, অভিযোগ তদন্তে গিয়ে কিছু ক্ষেত্রে দরিদ্র পরিবারকে খুঁজে পাওয়া যায় না। পরিবারটি ভাড়ায় থাকলে অনেক সময় বাড়ির মালিক তাদের তাড়িয়ে দেয়। কিছু ক্ষেত্রে পরিবার আপনা থেকেই চলে যায়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৫ বছরের এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধিত ২০০৩) তার বাবা বাদী হয়ে মামলা করেন। ২০০৮ সালের জানুয়ারি মাসে করা মামলার চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ বলে, এই কিশোরীর কথা স্পষ্ট নয়। অন্যান্য তথ্যেরও সত্যতা পাওয়া যায়নি। চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর কিশোরীর পরিবারের পক্ষে আইনজীবী আদালতে নারাজি দাখিল করেন ওই বছর ৩০ জুন। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবেদনটির শুনানির সুযোগ না দিয়ে আসামিকে অব্যাহতি দেন। এরপর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং প্রতিবন্ধীদের সংগঠন অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট এ মামলাটিতে সহায়তা দিতে এগিয়ে আসে। ওই কিশোরীর বাবার করা আপিলটি বর্তমানে হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। মানবাধিকারকর্মীরা বলছেন, শুরুতে থানায় যদি প্রতিবন্ধীদের সঙ্গে সহজে যোগাযোগের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তাকারী (এন্টারপ্রিটার) কেউ থাকতেন, তাহলে মামলাটি এত দূর আসত না। গত বছর সিলেটে বিজয়া দশমীর দিনে পূজামণ্ডপে মায়ের হাত ধরে ছিল বাকপ্রতিবন্ধী কিশোরী। ভিড়ের মধ্যে একসময় মায়ের হাত থেকে আলগা হয়ে যায় কিশোরীটি। ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর পাশের একটি পুকুরপাড় থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় মেয়েটিকে। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয় কিশোরীটিকে। মামলাও করা হয়। বর্তমানে একজন আসামি জেলে, আরেকজন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। টেলিফোনে ওই কিশোরীর মা প্রথম আলোকে বলেন, ‘আমাকে হুমকি দিচ্ছে। মামলার সাক্ষীদের হয়রানি করছে। তবে আমি মামলা শেষ পর্যন্ত লড়ব।’গত ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিচার প্রাপ্তি’ শীর্ষক মতবিনিময় সভায় চট্টগ্রামের এক নারী তাঁর বাকপ্রতিবন্ধী নাতনিকে ধর্ষণ ও পরবর্তী অবস্থার বর্ণনা দেন। ওই নারী বলেন, বাসায় ফেরার পথে তাঁর নাতনি ধর্ষণের শিকার হয়। নাতনি একটি ছেলের দিকে আঙুল তুলে দেখায়। উপস্থিত লোকজন যখন জানতে চায়, এত লোকের মধ্যে মেয়েটি আর কাউকে না দেখিয়ে তাকে কেন দেখাচ্ছে, তখন ছেলেটি দৌড়ে পালানোর চেষ্টা করে। একই সভায় ইশারা ভাষায় দোভাষীর মাধ্যমে এক কিশোরী তার বক্তব্য তুলে ধরে। রাতে কাজ করার সময় কারখানার ফ্লোর ইন-চার্জ তাকে ধর্ষণ করে। মামলা করতে গেলে থানা মামলা নিতে চায়নি। পরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন সংগঠনের সহায়তায় সে মামলা করে। মামলার পর সেই আসামি এখনো চাকরি করছে। তবে কিশোরীকে চাকরি হারাতে হয়েছে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ও মানবাধিকারকর্মীরা বলছেন, এসব ক্ষেত্রে থানার কর্মকর্তাদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ প্রয়োজন। সাবেক আইনমন্ত্রী ও ‘পার্লামেন্টারিয়ানস ককাস্ অন ডিজঅ্যাবিলিটি’র আহ্বায়ক আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, আদালতে ইশারা ভাষা ব্যবহারের চিন্তা করা হচ্ছে। অন্যদিকে প্রতিবন্ধীদের অধিকারভিত্তিক আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।