ধর্ষণের শিকার প্রতিবন্ধীকে জরিমানা, টাকা ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ধর্ষণের শিকার এক শারীরিক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে সালিসে নষ্টা অভিযোগ তুলে তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। তাকে গভীর রাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রেখে জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ধর্ষণে অভিযুক্ত তরুণের কাছ থেকেও জরিমানা আদায় করে টাকা মাতবরেরা ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী গত শনিবার ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের দশম শ্রেণীর ওই ছাত্রীকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী ঠাকুরপাড়া গ্রামের মামুন ও তার সহযোগীরা। কিশোরীকে বাড়ির অদূরে ভুট্টাখেতে নিয়ে গিয়ে মামুন ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকার শুনে গভীর নলকূপের ঘর থেকে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং মামুন ও তার সহযোগী গিয়াস উদ্দিনকে আটক করে। রাত আটটার দিকে সেখানে এ নিয়ে সালিস বসানো হয়। এরপর কিশোরীকে গ্রামের একটি আমবাগানে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। সাবেক ইউপি সদস্য দেলশাদ আলীর সভাপতিত্বে সালিসে ওই গ্রামের মাতবর মোজামেঞ্চল, আফতাব, জোনাব আলী, শামসুল ও আয়ুব আলী নেতৃত্ব দেন। ওই কিশোরী অভিযোগ করে, সালিসে সে মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেও মাতবরেরা উল্টো তাকে নষ্টা আখ্যা দেন। পরে মাতবরেরা ধর্ষণের অভিযোগে মামুনের কাছ থেকে আট হাজার টাকা ও তার সহযোগী গিয়াস উদ্দিনের কাছ থেকে পাঁচ হাজার ও তার কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করে নিজেদের মধ্যে বাঁটোয়ারা করে নেন। কিশোরীর চাচা জরিমানার দুই হাজার টাকা মাতবরদের দেওয়ার পর রাত দুইটার দিকে সালিস শেষে কিশোরীকে ছেড়ে দেওয়া হয়। বাসুপাড়া ইউপির চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, তিনি ঘটনা জেনেছেন। মাতবরেরা অন্যায়ভাবে বিচার করেছেন। সালিসের সভাপতি দেলশাদ আলী ঘটনার সঙ্গে জড়িত দুই যুবক এবং ওই কিশোরীর কাছ থেকে জরিমানা আদায়ের কথা স্বীকার করে বলেন, সালিসের ব্যাপারে মাতবরদের মুঠোফোন খরচ, গ্রামের উন্নয়ন ও জেনারেটর খরচের জন্য জরিমানার টাকা নেওয়া হয়েছে। অভিযুক্ত মাতবর মোজামেঞ্চল, আফতাব, জোনাব আলী, শামসুল, আয়ুব আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, কিশোরীকে রোববার ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। শনিবার (গতকাল) কিশোরীর দায়ের করা মামলায় মামুনের বিরুদ্ধে ধর্ষণ ও তার তিন সহযোগীর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নয়জন মাতবরের বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।