ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
বগুড়ার দুপচাঁচিয়ায় ধর্ষণে গর্ভবতী হয়ে পড়া এক মাদ্রাসাছাত্রী আত্মীয়স্বজনের গঞ্জনা ও লোকলজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ভগ্নিপতি রফিকুল ইসলাম (২৮) তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবার দায়ের করা মামলায় গত মঙ্গলবার রাতে পুলিশ রফিকুল ও তাঁর মাকে গ্রেপ্তার করেছে।
বাদীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর বড়বাড়ি গ্রামের বাবলু আকন্দের মেয়ে ভাটাহার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। চার-পাঁচ মাস আগে ভগ্নিপতি রফিকুল তাকে ধর্ষণ করেন। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে মেয়েটির পরিবার তাকে ওই ভগ্নিপতির বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানেও রফিকুলের মা রওশন আরা মেয়েটিকে গালিগালাজ করেন। এ অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় সে ভগ্নিপতির বাড়িতে আত্মহত্যা করে। এ ঘটনায় জামাতা রফিকুল ও তাঁর মাকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা করেন। পুলিশ রাতেই রফিকুল ও রওশন আরাকে গ্রেপ্তার করে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও মৃত্যুর প্ররোচনার অভিযোগে মামলাটি করা হয়েছে। রফিকুল ধর্ষণের কথা স্বীকার করেছেন।