ধর্ষণের শিকার মেয়েকে নিয়ে মায়ের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়েটা কেমন যেন হয়ে যাচ্ছে। রক্তক্ষরণ হওয়ায় ওর সারা শরীর সাদা হয়ি গিছে। মেয়েকে নিয়ে আমি এখন কী করব?’ সাত বছরের মেয়েকে নিয়ে এই উদ্বেগ নাটোর সদর উপজেলার বলদখালি গ্রামের এক মায়ের।ওই মেয়ের মা অভিযোগ করেন, বলদখালি গ্রামের বখাটে যুবক হামিদুর তাঁর মেয়েকে ১৯ মে ধর্ষণ করেছে। এ সময় মেয়েটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেয়েটি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ওই মেয়ের চাচা সদর থানায় ২০ মে হামিদুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এখন ওই গ্রামের মাতব্বরেরা বিষয়টি মীমাংসা করার জন্য মেয়ের মাকে চাপ দিচ্ছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ মে সকালে মেয়েকে বাড়িতে রেখে তাঁর মা কাজের জন্য বাইরে যান। এ সময় বলদখালি গ্রামের নজরুল ইসলামের বখাটে ছেলে হামিদুর ঘরে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণ করে। মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামিদুর পালিয়ে যায়। পুলিশ এখন পর্যন্ত হামিদুরকে গ্রেপ্তার করতে পারেনি। জানা যায়, আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে নাটোর সদর হাসপাতালে ওইদিনই ভর্তি করা হয়। হাসপাতালের স্ত্রীরোগবিশেষজ্ঞ সালমা আখতার বলেন, ‘মেয়েটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতাল থেকে যতটুকু সম্ভব ওই মেয়েকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। হামিদুরকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।