ধর্ষণের শিকার মেয়েটি ভয়ে স্কুলে যাচ্ছে না
লক্ষ্মীপুর সদর উপজেলার এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর থেকে ভয়ে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্কুলছাত্রীর ভাই অভিযোগ করেন, মামলার আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। সদর থানা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ওই স্কুলছাত্রীকে (১৪) গত ২ ফেব্রুয়ারি দুপুরে একই এলাকার নুর মোহামঞ্চদের ছেলে ইসমাইল হোসেন (২৬) বিদ্যালয় থেকে গাইড কেনার প্রলোভন দেখিয়ে কৌশলে লক্ষ্মীপুর শহরে নিয়ে আসেন। পরে ইসমাইলের যোগসাজশে স্কুলছাত্রীকে জুবায়ের, মো. নিজাম, আরিফ ও সোহেল নামের চার বখাটে একই ইউনিয়নের চরভূতা গ্রামের রিফুজি মার্কেট নামক স্থানে জনৈক মামুন মাঝির বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর বোন বাদী হয়ে ৪ ফেব্রুয়ারি সদর থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় মো. ইসমাইলকে গ্রেপ্তার করে। ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফয়েজ আহমদ সিকদার জানান, আসামিদের গ্রেপ্তার করা না হলে বিদ্যালয়ের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলতাফ হোসেন জানান, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের প্রকাশ্যে এলাকায় ঘোরার অভিযোগ সঠিক নয়।