ধর্ষণের শিকার শিশুটিকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ
চাঁপাইনবাবগঞ্জে আট বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় গোলাম কিবরিয়া (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই শিশুকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। না হলে অপরাধীকে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বুধবার বেলা সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২-এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত গোলাম কিবরিয়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা।
মামলার বিবরণ ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ২৮ মে বিকেলে গোলাম কিবরিয়া তাঁর এক প্রতিবেশীর মেয়ে মানসিক প্রতিবন্ধী ওই শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে তিনি ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ৩০ মে ভোলাহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর খান ২০১৬ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।