ধর্ষণের শিকার শিশুর জীবন বাঁচাতে রক্ত দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার ১০ বছরের এক শিশুর জীবন বাঁচাতে এগিয়ে এলেন পুলিশের দুই সদস্য। সংকটাপন্ন অবস্থায় গতকাল সোমবার দুপুরে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা বলেন, জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়া প্রয়োজন। শিশুটির দিনমজুর বাবা-মা বহু জায়গায় ছোটাছুটি করেও নিরাশ হয়ে হাসপাতালে ফিরে যান। ঘটনাটি জানতে পেরে স্থানীয় এক সাংবাদিক বিষয়টি এসপিকে জানান। পরে এসপির তৎপরতায় পুলিশের দুই সদস্য শিশুটিকে রক্ত দেন।
গতকাল দুপুরে শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। দূর সম্পর্কের এক আত্মীয় ধর্ষণের সঙ্গে জড়িত বলে শিশুটির মা জানান। শিশুটির বাড়ি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে। সে তৃতীয় শ্রেণিতে পড়ে।
হাসপাতালে শিশুর মা বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঘরে কোরআন শরিফ পড়ছিলেন। এ সময় শিশুটি তাদের বাড়ির পাশে এক আত্মীয়র ঘরে টেলিভিশন দেখছিল। সেখান থেকে শিশুটিকে কাউ ফল খাওয়ানোর কথা বলে বাড়ির পুকুরপাড়ের বাগানে ডেকে নিয়ে যায় ওই আত্মীয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুর চিৎকারে একই বাড়ির আরেক নারী সেখানে ছুটে গেলে ওই লোক পালিয়ে যায়। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান তাঁরা।
হাসপাতাল সূত্র জানায়, শিশুটির জন্য রক্ত সংগ্রহ করতে না পেরে হাসপাতালে বাবা-মা কাঁদতে থাকলে সেখানে উপস্থিত স্থানীয় এক সাংবাদিক বিষয়টি এসপি মো. ইলিয়াছ শরীফকে জানান। তাঁর তৎপরতায় পুলিশের দুই সদস্য শিশুটিকে রক্ত দেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশুটির সফল অস্ত্রোপচার হয়েছে। সময়মতো রক্ত না পাওয়া গেলে বড় বিপদ হতে পারত। শিশুর পাশে দাঁড়ানোর বিষয়ে এসপি প্রথম আলোকে বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশের তিনজন সদস্যকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাঁদের রক্তের গ্রুপের সঙ্গে শিশুর রক্তের গ্রুপ মেলেনি। পরে শিশুটির রক্তের গ্রুপ জেনে দুজন কনস্টেবলকে পাঠানো হয়। তিনি বলেন, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি এ কাজ করেছেন।
রক্তদাতা পুলিশের সদস্য কনস্টেবল নাছির উদ্দিন বলেন, ‘আমি জীবনে কখনো কল্পনাও করিনি এভাবে কারও জীবন বাঁচানোর জন্য রক্ত দিতে পারব। পুলিশ লাইনের ওয়ারলেস সেটে মুমূর্ষু এক শিশুর জন্য রক্তের প্রয়োজন এমন তথ্য শোনার পর রক্ত দিতে রাজি হয়ে যাই।’ অন্য পুলিশ সদস্য ওমর বিজয় বলেন, খুবই ভালো লাগছে শিশুটিকে রক্ত দিতে পেরে।
মেয়ের জীবন বাঁচাতে পুলিশের সদস্যরা এগিয়ে আশায় কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশুর মা-বাবা।