ধর্ষণের শিকার সেই গৃহবধূর পাশে সুলতানা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ধর্ষণের শিকার সেই গৃহবধূর সঙ্গে গতকাল শুক্রবার দেখা করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি গৃহবধূকে সান্ত্বনা দিয়ে প্রয়োজনে আইনগত সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন৷
সকাল ১০টার দিকে সুলতানা কামাল ওই গৃহবধূর বাড়ি যান৷ এ সময় গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন এবং নিরাপত্তার অভাবের কথা জানান৷ এ সময় তিনি গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নানকে গৃহবধূকে সব ধরনের আইনি সহায়তা দিতে বলেন।
ওসি এম এ মান্নান জানান, শিশু হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রধান আসামি হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২১ মে রাতে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ গ্রামের হাসান আলী (২৮) একই গ্রামের গৃহবধূকে (২৩) বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন৷ এ সময় ধর্ষণকারীরা ওই গৃহবধূর সঙ্গে থাকা শিশুপুত্র জাহিদ হাসানকে পাশের পুকুরের পানিতে ফেলে দিল সে মারা যায়৷ এ ঘটনায় ওই রাতেই পুলিশ গিয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ২৩ মে প্রথম আলোয় ‘গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ, শিশুপুত্রকে পুকুরে ফেলে হত্যা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়৷