ধর্ষণের শিকার সেই ছাত্রীর উন্নত চিকিৎসা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী (১৪) অগ্নিদগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ১ নম্বর ওয়ার্ডে যন্ত্রণায় কাতরাচ্ছে। চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে তার পরিবার সেখানে নিতে পারছে না।এদিকে এ ঘটনায় থানায় মামলা করার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামি ও তাঁর পক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।হাসপাতালের চিকিৎসক সৈয়দ আবু তালেব বলেন, অগ্নিদগ্ধ ওই ছাত্রীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। সে কিছুই খেতে পারছে না। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা জরুরি হয়ে পড়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি উপজেলার পারুল ইউনিয়নের ওই ছাত্রীকে লেবু মিয়া (২৫) ধর্ষণ করেন। এরপর গ্রামবাসীর কাছে ঘটনার বিচার চান ছাত্রীর পরিবারের সদস্যরা। বিচার না পেয়ে ওই ছাত্রী ২২ জানুয়ারি গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির বড় ভাই ওই দিন লেবু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগাছা থানায় মামলা করেন। মামলার বাদী অভিযোগ করেন, মামলা করার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। লেবু ও তাঁর লোকজন মামলা তুলে নিতে তাঁর (মেয়েটির ভাই) পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন।পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, আসামি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।