ধর্ষণের শিকার সেই নারী জানালেন ৬ জনের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গণধর্ষণের শিকার সেই নারী আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ সময় তিনি ধর্ষণকারী হিসেবে ছয়জনের নাম উল্লেখ করেছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম।

এদিকে ঘটনার দুদিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিমের আদালতে দেওয়া ওই নারীর জবানবন্দির বরাত দিয়ে ওসি আবদুর রহিম বলেন, মামাতো ভাইয়ের সঙ্গে ওই নারী মোটরসাইকেলে করে যশোর থেকে শার্শার ভবানীপুর গ্রামে খালাতো বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে নাভারণ-সাতক্ষীরা সড়কের কুচেমোড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তায় দড়ি দিয়ে পথ আটকে তাঁদের পাশের নির্জন মাঠে নিয়ে যায়। এ সময় ভাইকে পিঠমোড়া করে বেঁধে ছয়জন দুর্বৃত্ত তাঁকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ওই নারী আদালতে দেওয়া স্বীকারোক্তিতে ছয়জনের নাম বলেছেন। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

গত মঙ্গলবার রাতে এই পাশবিক ঘটনা ঘটে। পরের দিন তাঁকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ অবস্থার উন্নতি হলে বেলা দুইটার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান তিনি।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার দুদিন পর ডাক্তারি প্রতিবেদন দেওয়া হবে। তার শারীরিক অবস্থা এখন ভালো। গতকাল সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে তিনি বাড়িতে ফিরে গেছেন।