ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আগুনে আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১৩) গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের শিকার হয়ে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতিনারায়ণপুর গ্রামে।ওই ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, এক বছর ধরে প্রতিবেশী আবদুর রশিদের ছেলে শাহ আলম ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠক হলেও কোনো ফল হয়নি। একপর্যায়ে শাহ আলমের পরিবার বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীর পরিবারের কাছে এক লাখ ৩০ হাজার টাকা যৌতুক দাবি করলে ছাত্রীর পরিবার বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এরপর ১৬ ফেব্রুয়ারি শাহ আলম বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। বৈঠকে উল্টো মেয়েপক্ষকে দোষারোপ করা হয়। এরপর ২২ ফেব্রুয়ারি ভোরে শিশুটি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহ আলমসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার এসআই তোফায়েল আহমেদ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।