ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বিচার না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বর্তমানে মেয়েটি মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজছাত্রীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের একজন নেতা। এদিকে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একই পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: পীরগাছা: এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, উপজেলার পারুল ইউনিয়নের সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১৪) রোববার রাতে ঘরের বাইরে বের হয়। এ সময় ওত পেতে থাকা একই ইউনিয়নের ছফিয়াল মিয়ার ছেলে লেবু মিয়া (২৩) তাকে বাড়ির পাশে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি তার বাবা-মাকে এ ঘটনা জানায়। সোমবার রাতে চৌকিদার ছফের আলীর বাড়িতে এ নিয়ে সালিস বৈঠক বসে। কিন্তু চৌকিদারের হস্তক্ষেপে বৈঠকটি পণ্ড হয়ে যায়। এতে মেয়েটি ক্ষোভে মঙ্গলবার সকালে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। ধর্ষণের ঘটনায় মেয়েটির বড় ভাই পীরগাছা থানায় লেবু মিয়াকে আসামি করে একটি মামলা করেছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।রায়গঞ্জ: এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের এক কলেজছাত্রী (১৭) মঙ্গলবার নানার বাড়ি থেকে বাসায় ফিরছিল। পথে চকগোপাল এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনছুর ওরফে মিন্টু খানের মদতে তাঁর ছেলে সবুজ খানসহ (২৯) কয়েক ব্যক্তি কলেজছাত্রীকে আটকে মারধর করেন। তাঁরা কলেজছাত্রীর স্বর্ণালংকার কেড়ে নেন এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় আশপাশের লোক ছুটে এলে তাঁরা পালিয়ে যান। মেয়েটিকে উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির বাবা রাতেই রায়গঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি আবুল মনছুর খান ওরফে মিন্টু খানকে গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে গতকাল (বুধবার) সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। আক্কেলপুর: স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন ওরফে নাদিমকে (৪২) পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নাজিমুদ্দিনের সমর্থকেরা উপজেলা সদরে মিছিল করেছেন। নারী ভাইস চেয়ারম্যান এজাহারে উল্লেখ করেন, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ভেতরে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর মোহামঞ্চদ মণ্ডলের সঙ্গে ঝগড়া করছিলেন। তখন স্বামীসহ তিনি সেখানে গিয়ে মীমাংসার চেষ্টা করেন। কিছু সময় পর সেখানে ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন মাতাল অবস্থায় উপস্থিত হয়ে তাঁর স্বামীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি স্বামীকে উদ্ধার করতে গেলে ভাইস চেয়ারম্যান তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘ঘটনার পর দুই ভাইস চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করেছিলাম। কিন্তু ঘটনার নিষ্পত্তি হয়নি। পরে জেনেছি, ভাইস চেযারম্যান নাদিমকে পুলিশ গ্রেপ্তার করেছে।’ আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বলেন, ‘নারী ভাইস চেয়ারম্যানের দায়ের করা মামলায় নাজিমুদ্দিনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’