ধর্ষণের শিকার 'এক হাজারেরও বেশি'
২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজারেরও বেশি নারী। আর বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন চার হাজার চার শ ৩৬ জন নারী ১৪টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে ধর্ষণের শিকার এক হাজার ৯২ নারীর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন এক শ ৯৯ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৮৫ জনকে। আর ধর্ষণের চেষ্টা করা হয়েছে এক শ ৪২ জনকে। বছরটিতে বিভিন্ন নির্যাতনের কারণে তিন শ ৩৬ জন নারী আত্মহত্যা করেছেন। এক শ ৬৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ের শিকার হয়েছে ৯৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বছরটিতে সাত শ ১৪ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে ৫১ জনকে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন তিন শ ৮৬ জন। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে দুই শ তিনজনকে। গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন ৭০ জন। নির্যাতন করে হত্যা করা হয়েছে ৩০ জনকে। নির্যাতনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তিন গৃহকর্মী।
এ ছাড়া বছরটিতে তিন শ ৬২ জনকে উত্ত্যক্ত করা হয়েছে। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন ২২ জন। ফতোয়ার শিকার হয়েছেন ২৮ জন। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন ৩৭ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিন শ দুজন। অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ৩৭ জন। অপহরণের ঘটনা ঘটেছে ৯৭টি। পাচার হওয়া নারী ও শিশুর সংখ্যা ৬৫। যৌনপল্লিতে বিক্রি হয়েছে ১৮ জন।