ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলে অপরাধীর মধ্যে ভীতি তৈরি হবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ফাইল ছবি

ধর্ষণের দায়ে সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে। বিষয়টি যেভাবে বাড়ছে। সহিংসতা ও ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে।’

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে অর্থনৈতিক উন্নয়নসহ যেকোনো সমস্যার সমাধান সহজতর হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তিস্তার পানি বণ্টনসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টি গুরুত্বপূর্ণ। আলোচনার মাধ্যমে এ বিষয়টি সম্মানজনক সমাধানে দুই দেশই দৃঢ়ভাবে আশাবাদী। ইতিমধ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ২১ বছর দুই দেশের সম্পর্কের মধ্যে একটি কৃত্রিম দেয়াল ছিল, তা এখন আর নেই। বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন দুই দেশের প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। দীর্ঘদিনের সীমান্ত সমস্যা সমাধান ও ছিটমহল বিনিময় হয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমায় অফুরন্ত অর্থনৈতিক সম্ভাবনা এগিয়ে নিতে উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।

এ সময় ওবায়দুল কাদের জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসির ৯২৮টি বাস ও ৫০০টি ট্রাক কেনা হয়েছে। সড়ক অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল-ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ এগিয়ে চলেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে সংযোগ বাড়াতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা রয়েছে। এ ধরনের সফর দুই দেশের জনগণের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।