ধর্ষণের হুমকি সইতে পারল না চাঁদমণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল আফরোজা ওরফে চাঁদমণি (১৫)। বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত বখাটে আপন চাচাত ভাই আলম (২০)। আলমের সঙ্গে তাঁর কয়েকজন বন্ধুও অশ্লীল কথা বলত, দিত অশোভন প্রস্তাব। গত ১৭ মার্চ সহযোগীদের নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে ঢোকে আলম। প্রকাশ্যে হুমকি দেয়, তার সঙ্গে চাঁদমণির বিয়ে দেওয়া না হলে তাকে অপহরণ করা হবে। প্রকাশ্যে করা হবে ধর্ষণ। আপনজনদের সামনে এই অপমান সইতে পারেনি চাঁদমণি। একই দিন ঘরে দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সদর উপজেলার সতাল ভট্টাচার্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।গত শুক্রবার কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় এসব অভিযোগ করেন বাদী মেয়ের বাবা আব্দুল মোতালিব। মামলায় আলম ও তাঁর সহযোগী একই এলাকার আবদুর রহমান (২১), সাদ্দাম হোসেন (২০) ও রাসেলকে (২৩) আসামি করা হয়। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৭ মার্চ দুপুরে আলম ও সঙ্গীরা অপমান করে চলে যাওয়ার পর চাঁদমনি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার বাবা-মা ভেবেছিলেন, লজ্জায় মেয়ে ঘর থেকে বের হচ্ছে না। রাতে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। চাঁদমণিকে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান তাঁরা। কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে চাঁদমণির লাশের ময়নাতদন্ত হয়েছে। চাঁদমনির মা জাহানারা বেগম (৪০) জানান, ওই বখাটেদের উত্পাতে কয়েক মাস আগে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় চাঁদমণি। চাঁদমনির বাবা সবজি ব্যবসায়ী মোতালিব অভিযোগ করেন, আলম তাঁর বড় ভাই আলী হোসেনের ছেলে। সমপ্রতি আলম তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু চাঁদমণিসহ তাঁরা কেউ এতে রাজি না হওয়ায় আলম ক্ষিপ্ত হয়ে ওঠে। আলমের বাবা কাঠ ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘ছেলেকে বারবার নিষেধ করার পরও সে বখাটেপনা করেছে। এসব অপকর্মে তাকে বাধা দিতে গিয়ে একবার তার মারও খেয়েছি। পরে ভয় ও লজ্জায় তাকে আর কিছু বলিনি। আমি আমার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’বাংলাদেশ মহিলা পরিষদের কিশোরগঞ্জ সভানেত্রী সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক মায়া ভৌমিক, উইমেন চেম্বারের সভানেত্রী নাযমুন নাহার মলি ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।