ধর্ষিতার পরিবারকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাকে হাত-পা বেঁধে কিশোরী মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার চার দিনেও থানায় মামলা হয়নি। ধর্ষিতার পরিবারকে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও ধর্ষিতার পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাত একটায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গ্রামের আবদুর রহিমের ছেলে শাজাহানের নেতৃত্বে চার-পাঁচজন ধর্ষিতার বাড়িতে ঢোকে। তারা মায়ের হাত-পা রশি দিয়ে বেঁধে ১৪ বছরের কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে শাজাহান তাকে ধর্ষণ করে। পরে আশপাশের লোকজন কিশোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে গ্রামের প্রভাবশালী একটি মহল। দরিদ্র পরিবারটিকে মামলা না করতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই ঘটনার চার দিন অতিবাহিত হলেও থানায় কোনো মামলা হয়নি। অসহায় হয়ে পড়েছে ধর্ষণের শিকার পিতৃহীন কিশোরী ও তার পরিবার।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, এ রকম একটি ঘটনার কথা তিনি শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।