ধলঘাটার ২০০ মিটার বাঁধ ভেঙে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল জোয়ারের কবলে পড়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় দ্বীপ ধলঘাটায় গত মঙ্গল ও বুধবার সদ্য নির্মিত সাড়ে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধের ২০০ মিটার অংশ ভেঙে গেছে। এ কারণে খোলা বাঁধ দিয়ে লোকালয়ে সাগরের পানি ঢুকে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।এ কারণে পাঁচ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে বেড়িবাঁধে ভাঙন শুরু হওয়ায় এলাকার অন্তত ৪০ হাজার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।জানা গেছে, ভাঙা অংশ দিয়ে জোয়ার-ভাটার পানি আসা-যাওয়া করছে। জোয়ার-ভাটার কবলে পড়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। এ ছাড়া সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নির্মিত বাঁধের ওপর বসানো সিসি ব্লক ধসে পড়ে সাগরে বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া জোয়ারের পানিতে ভেসে গেছে প্রায় এক কোটি টাকার চিংড়ি মাছ।ধলঘাটা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ২০০ মিটার বাঁধ ভেঙে যাওয়ায় সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া ও বৃহত্তর মহরীঘোনা গ্রামে জোয়ার-ভাটা চলছে। এতে পাঁচ শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি ছোট-বড় ৬২টি পুকুর ডুবে গেছে। এতে সরইতলা ও ষাইটমারা এলাকার বাসিন্দারা ঈদুল ফিতরের নামাজ পড়তে পারেনি। তিনি বলেন, লোকালয়ে জোয়ার-ভাটার কারণে এলাকায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে।ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু প্রথম আলোকে বলেন, ভাঙন রোধে ও অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে বরাদ্দ চেয়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে আবেদন করা হয়েছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে।