ধলপুরে বস্তিতে শিশু খুন
রাজধানীর ধলপুর এলাকায় গতকাল বিজয় (৫) নামের এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ মঞ্জু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নিহত শিশুটি মঞ্জুর স্ত্রীর আগের স্বামীর সন্তান বলে জানা গেছে। গ্রেপ্তারের পর মঞ্জু খুনের কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন খান জানান, প্রায় দেড় বছর আগে মোহাম্মদ মঞ্জুর সঙ্গে শিশুটির মা শিল্পী বেগমের বিয়ে হয়। তাঁরা ধলপুরে একটি বস্তিতে বসবাস করেন। গতকাল এই বস্তিতে পারিবারিক কলহের সময় মঞ্জু ইট দিয়ে শিশুটির মাথায় আঘাত করেন। এতে শিশুটি মারা যায়। এরপর মঞ্জু শিশুটির লাশ নর্দমায় ফেলে দেন। অনেক খোঁজাখুঁজির পর সন্তানকে না পেয়ে শিল্পী বেগম পুলিশে খবর দেন। পুলিশ এসে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে খুনের বিষয়টি জানতে পারে। এরপর মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ নর্দমা থেকে বিজয়ের লাশ উদ্ধার করে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।