ধলা রেলস্টেশন পুনরায় চালুর দাবিতে অবরোধ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনটি পুনরায় চালুর দাবিতে গতকাল রোববার ওই স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। এ সময় ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে দুটি ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে পড়ে।
রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি অলাভজনক দেখিয়ে ধলা রেলওয়ে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। তবে সেখানে কয়েকটি লোকাল ট্রেন যাত্রাবিরতি করে। স্টেশনমাস্টার না থাকায় সেখান থেকে যাত্রীরা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করছে। এখন স্টেশনটি চালু করা এবং ওই স্টেশনে কমিউটার-২ (৪৭ আপ) ও মহুয়া (৪৩ আপ) ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে এলাকাবাসী। এ সময় ঢাকা থেকে আসা কমিউটার ও বলাকা নামের দুটি ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ে। সাড়ে ১০টার দিকে গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন ও ময়মনসিংহ রেলওয়ে পুলিশ এসে দাবি পূরণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, এলাকাবাসীকে তাদের দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।