উজানে বাঁধ হলে শুষ্ক মৌসুমে মরুভূমি আর বর্ষায় থই থই পানিতে ডুবতে হবে। কিন্তু ভারত সরকার একের পর এক বাঁধ নির্মাণের দিকে এগোচ্ছে। টিপাইমুখ বাঁধের পরিকল্পনার সঙ্গে সিলেটের উজানের সারি নদীর উৎসমুখে বাঁধ দিয়ে এবার ধলাই নদের উজানে বাঁধ নির্মাণ শুরু করেছে। বাংলাদেশের প্রতি বন্ধু রাষ্ট্র ভারতের এ আচরণের প্রতিবাদ করছে না বাংলাদেশ সরকার। এ জন্য দলমতের ঊর্ধ্বে ওঠে জনগণকে প্রতিবাদ জানানো ছাড়া বিকল্প নেই। গতকাল সোমবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে এক শ্রমিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ধলাই নদের উজান উন্মুক্ত রাখার দাবিতে গতকাল এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক লাল মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ওই এলাকার বিএনপির সাবেক সাংসদ ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন। দিলদার হোসেন বলেন, ‘টিপাইমুখ বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত সরকার সিলেটসহ সারা বাংলাদেশকে মরুভূমি ও বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে মারার যে পরিকল্পনা হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় সারি নদীর উজানে বাঁধ এবং সম্প্রতি ভোলাগঞ্জে পাথরনির্ভর শ্রমিকদের ভাতে মারতে ধলাই নদের উজানে বাঁধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।’