ধলাই নদের প্রতিরক্ষা বাঁধে ভাঙন
গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার দুটি ইউনিয়নের ২২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে এসব গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সরেজমিনে দেখা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে ও মাধবপুর ইউনিয়নের হীরামতি গ্রামে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধে ওই ভাঙন দেখা দিয়েছে। এতে ওই ভাঙনের পাশের বাড়িঘর হুমকির মুখে রয়েছে। এ সময় এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ওই দুটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় ওই দুই ইউনিয়নের আশপাশের ২২ গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ছাড়া ওই নদের প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে প্রতিরক্ষা বাঁধে ভাঙনের কথা শুনে এলজিইডির উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ ও স্থানীয় আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ঘোড়ামারা গ্রামের বাঁধ পরিদর্শন করেছেন।
ঘোড়ামারা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন, কৃষক আবদুল ওয়াহিদ, শাহাজ উদ্দিন, প্রবাসী আবদুর রশীদ ও সিরাজুল ইসলাম জানান, কয়েক বছর আগে এসব এলাকার প্রতিরক্ষা বাঁধ সংস্কার করা হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের (পাইবো) গাফিলতির ও নিম্নমানের কাজের ফলে নতুন করে এই ভাঙন দেখা দিয়েছে। তাঁরা জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ স্থানে পাথরের ব্লক স্থাপনের দাবি জানান।
প্রতিরক্ষা বাঁধে ভাঙন ও গ্রামবাসীর আতঙ্কের কথা স্বীকার করে এলজিইডির উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ বলেন, ধলাই নদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। ইউপির চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া বলেন, বৃষ্টি অব্যাহত থাকলে ও উজানের ভারতীয় পাহাড়ি ঢলের পানি বাড়তে থাকলে যেকোনো মুহূর্তে ধলাই প্রতিরক্ষা বাঁধ সম্পূর্ণরূপে ভেঙে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ২২টি গ্রাম তলিয়ে যেতে পারে।
পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ফয়জুর রব বলেন, ধলাই প্রতিরক্ষা বাঁধের ৫৫ কিলোমিটার এলাকায় সংস্কার করা প্রয়োজন। বাজেট না থাকায় বাঁধের কাজ করা যাচ্ছে না। আপাতত সরেজমিন পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় স্থানে সংস্কারের ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে নির্দেশনা দেওয়া হয়েছে।