ধলাই নদের বাঁধে ভাঙন, সবেগে ঢুকছে পানি
সারা দেশে বন্যা পরিস্থিতির কোথাও অবনতি হয়েছে, কোথাও বা অপরিবর্তিত রয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে নদ-নদীর পানি বেড়ে এ বন্যা দেখা দেয়। মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের নতুন একটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটের বিয়ানীবাজারে গত চার দিনের টানা বৃষ্টিতে পানি কিছুটা বেড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাঁধভাঙা পানিতে পরিস্থিতির অবনতি: কমলগঞ্জে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের নতুন একটি জায়গায় ভাঙন দেখা দেওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের ৪৫টি গ্রামের ৩৫ হাজার মানুষ এখন পানিবন্দী।গত মঙ্গলবার দিবাগত রাতে মুন্সীবাজার ইউনিয়নের বাদে করিমপুর গ্রামে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধে ৫০০ ফুট দীর্ঘ ভাঙন দেখা দেয়। এতে বাদে করিমপুর, সুরানন্দপুর, ধাতাইলগাঁও, মই ডাইল, রামপুর, রামচন্দ্রপুর গ্রামের ফসলি জমি ও অনেক বাড়িঘর তলিয়ে গেছে। পানির তোড়ে বাদে করিমপুর, ধাতাইলগাঁও, সুরানন্দপুর গ্রামের ১১টি কাঁচা ঘর ভেসে যায়। প্রায় ২৫টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানি সড়কে ওঠায় গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে যান চলাচল বন্ধ ছিল।কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল ও শফিকুর রহমান চৌধুরী বন্যাকবলিত মুন্সীবাজার ও মাধবপুর এলাকা পরিদর্শন করেন। বন্যাকবলিত চারটি গ্রামে তিন বস্তা চিঁড়া ও গুড় বিতরণ করেছে উপজেলা প্রশাসন। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র বাড়ৈ জানান, প্রায় ৮০০ হেক্টর জমির উঠতি আউশ ও ১৫ হেক্টর জমির আমনের বীজতলা বন্যার পানিতে ডুবে গেছে। ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। উজানে বৃষ্টিপাত না হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।বিয়ানীবাজারে ক্ষয়ক্ষতি: পানি কমতে শুরু করায় চার দিন আগে বিয়ানীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়। কিন্তু গত চার দিনের টানা বর্ষণে পানি আবার কিছুটা বেড়েছে। গতকাল কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যায় উপজেলার ২৭টি পাকা সড়কের ৪০ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। উপজেলা নির্বাহী প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির বিবরণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পানি কমলে দ্রুত মেরামতকাজ শুরু হবে।উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম জানান, বন্যায় উপজেলার ২৫০ হেক্টর আউশ ধানসহ প্রায় সব ধরনের ফসল তলিয়ে গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আহমেদ কবির খান বলেন, বন্যায় এক হাজার ৬০টি পুকুর ডুবে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।উপজেলা বন্যা পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, দুর্গত এলাকায় এ পর্যন্ত পাঁচ লাখ ৭৮ হাজার টাকা ও ২৫২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।বিয়ানীবাজারের ইউএনও সুব্রত কুমার দে বলেন, বন্যায় বিয়ানীবাজারের রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা-পরবর্তী রোগ-ব্যাধি মোকাবিলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।কুড়িগ্রামে পরিস্থিতি অপরিবর্তিত: কুড়িগ্রাম জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধরলা, তিস্তা, দুধকুমোরসহ জেলার ১৫টি নদ-নদীর পানি সামান্য কমেছে। বেগমগঞ্জের মশালেরচর এলাকায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে।বন্যায় জেলার এক লাখের বেশি মানুষ পানিবন্দী। কৃষি বিভাগ জানায়, বন্যার পানিতে ২৫০ একর পাটখেত জলমগ্ন থাকায় পাট নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিভিন্ন এলাকায় শতাধিক একর আমন বীজতলা পানিতে ডুবে গেছে।উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবলু জানান, ইউনিয়নের বতুয়াতুলি, ফকিরেরচর, মশালেরচর বালাডোবা, উত্তর বালাডোবা, আফতাবগঞ্জ, মাস্টারপাড়া এখনো পানির নিচে। প্রায় সাড়ে সাত হাজার মানুষ পানিবন্দী।বিএনপির ত্রাণ বিতরণ: সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী গতকাল বালাগঞ্জ উপজেলা বিএনপির পূর্ব বাজারের অস্থায়ী কার্যালয়ের সামনে এক হাজারের বেশি বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। পরে তিনি উপজেলার হামছাপুর, রশীদপুর, জালালপুর, পৈলনপুর ও কুশিয়ারা বাজারে বন্যার্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।