মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের উন্নয়নকাজের ব্যাপারে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ধরনের আপত্তি জানাবে না। বিএসএফের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পতাকা বৈঠক শেষে এ কথা জানায় বিজিবি।
কুলাউড়ার চাতলাপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। বৈঠক শেষে ফেরার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল ৪৬ নম্বর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আবদুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বৈঠকে বিএসএফ বলেছে, তারা কমলগঞ্জ উপজেলার মখাবিল গ্রামে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধে উন্নয়নকাজে আপত্তি জানাবে না। এ ছাড়া চাতলাপুর সীমান্তের একটি অংশে ভারতীয়দের কাঁটাতারের বেড়ার উন্নয়নকাজসহ অভিন্ন বেশ কিছু বিষয় উভয় পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সম্পাদনের সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে ২৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ দলে নেতৃত্ব দেন বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন। সদস্য হিসেবে ছিলেন লে. কর্নেল সাজ্জাদ হোসেন, মেজর মিন্নাজ আলী, মেজর মাহতাবুল হাসান প্রমুখ। বিএসএফের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ত্রিপুরার পানিসাগরের ডিআইজি ডি কে শর্মা।