ধলাই প্রতিরক্ষা বাঁধে ফাটল, বন্যার আশঙ্কা
ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। শিগগিরই ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করা না হলে বর্ষা মৌসুমে বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়ন।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে রহিমপুর ইউনিয়ন পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ধলাই প্রতিরক্ষা বাঁধে অসংখ্য ফাটল সৃষ্টি হয়েছে। এর মধ্যে ইসলামপুরের মখাবিলে দুটি স্থান, মাধবপুর ইউনিয়নের বনগাঁও, শিমুলতলা, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা, আলীনগর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর ও কমলগঞ্জ পৌরসভার একটি স্থান সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান জানান, ধলাই পাহাড়ি খরস্রোতা নদ। প্রতিবছর প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে বাঁধের অসংখ্য স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে আগেভাগে বাঁধের ক্ষতিগ্রস্ত স্থান মেরামত করলে তেমন ক্ষতি হয় না। কিন্তু এবার এখনো মেরামত না করায় উপজেলার বেশির ভাগ এলাকা বন্যার ঝুঁকিতে রয়েছে।একইভাবে বন্যার ঝুঁকিতে থাকার কথা জানালেন মাধবপুর, আলীনগর ও মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের সেকশন অফিসার আবদুল মান্নান প্রথম আলোকে জানান, বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান ও ফাটল এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, তহবিলের অভাবে বাঁধের ভাঙন মেরামতকাজ করা যাচ্ছে না।