ধলাই প্রতিরক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে চৈতন্যগঞ্জ গ্রাম

ধলাই নদের প্রতিরক্ষা বাঁধের অব্যাহত ভাঙনে মৌলভীবাজারের কমলগঞ্জের চৈতন্যগঞ্জ গ্রামের বসতবাড়ি, ফসলি জমি ও ছাইয়াখালী হাওর হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে গ্রামবাসী প্রতিরক্ষা বাঁধটি সংস্কারের দাবি জানিয়ে এলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেদিকে তোয়াক্কাই করেনি।
সম্প্রতি সরেজমিনে চৈতন্যগঞ্জ গ্রামে দেখা যায়, প্রতিরক্ষা বাঁধ এলাকার এক থেকে দেড় কিলোমিটারে শুধু ভাঙনের চিহ্ন। বাঁধটি ভাঙতে ভাঙতে গ্রামের বসতিপূর্ণ এলাকার এক ফুটের মধে৵ চলে এসেছে। ভাঙনে মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার দাশের পাকা বসতঘরের তিনটি কক্ষ নদীতে বিলীন হয়ে শুধু রান্নাঘরটি কোনোমতে টিকে আছে। মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমারের প্রতিবেশী সুরুজ মিয়ার কাঁচাঘরটি বিলীনের অপেক্ষায়। এভাবে গ্রামের আখলুছ মিয়া, আজাদ মিয়া, শফাত মিয়া, মৃত মোস্তফা মিয়ার স্ত্রী কৈতরী বেগম, মধু মিয়ার ঘরসহ ৩৫ জনের বসতঘর ভাঙনের মুখে পড়ে কোনোমতে টিকে আছে।
মুক্তিযোদ্ধা নিরঞ্জন দাশসহ নদীভাঙনের হুমকিতে থাকা সুরুজ মিয়া, আখলুছ মিয়া, আজাদ মিয়া, শফাত মিয়া, কৈতরী বেগম ও মধু মিয়া বলেন, এক বছর ধরে প্রতিরক্ষা বাঁধটি ভাঙতে ভাঙতে এখন তাঁদের বসতঘরের সীমানায় এসে ঠেকেছে। যেকোনো সময় তাঁদের বসতঘর বিলীন হওয়ার আশঙ্কায় আছেন তাঁরা।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ১৫ বছরে চৈতন্যগঞ্জ গ্রামের ইসহাক মিয়া, আত্তর উল্যা, হুরমত মিয়া, জব্বার উল্যা, নজির মিয়া, বাদশাহ মিয়া, মতলিব মিয়া, মাহমুদ আলী, রবিদাশ সম্প্রদায়ের ধরম রাজ রবিদাস, বিজয় রবিদাস, বাদল রবিদাস, অর্জুনা রবিদাস, সগুয়া রবিদাস, জালিম রবিদাস, বলরাম রবিদাস, মিঠাই লাল রবিদাস, কান্ত রবিদাস, আন্ত রবিদাস, জাদারিয়া রবিদাস ও রাম চরণ রবিদাসের ৫০টি ঘর ধলাই নদে বিলীন হয়েছে। এসব মানুষ এখন এ গ্রাম ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করছে।
মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার বলেন, চৈতন্যগঞ্জ গ্রাম এলাকায় ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ মেরামতের জন্য স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করে আজ পর্যন্ত কোনো সাড়া মেলেনি। প্রশাসন, কমলগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান ও পাউবোর কর্মকর্তারা সরেজমিন তদন্ত করে শুকনো মৌসুমে বাঁধটির উন্নয়নের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এভাবে ভাঙন অব্যাহত থাকলে একসময় ছাইয়াখালী হাওরের দেড় শ একর জমিও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা রয়েছে।
কমলগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আবদুল হান্নানও গত ১৫ বছরে অনেক বসতঘর নদীতে বিলীন হওয়ার তথ৵ নিশ্চিত করে বলেন, বাঁধটির উন্নয়নে একটি প্রকল্প পাউবোর কাছে আছে।
কমলগঞ্জের ইউএনও ধলাই প্রতিরক্ষা বাঁধের ভাঙনে চৈতন্যগঞ্জ গ্রামের বেশ কিছু বসতঘরসহ গ্রামটি হুমকির মুখে রয়েছে, এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারকে অবহিত করা হয়েছে।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী ইন্দু বিজয় শংকর চক্রবর্তী মুঠোফোনে বলেন, সীমান্তবর্তী ইসলামপুর থেকে রহিমপুর ইউনিয়ন পর্যন্ত দীর্ঘ ৫৭ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধটির অনেক স্থানই ঝুঁকিপূর্ণ। এ জন্য ৫০ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। আগামী শুকনো মৌসুমে প্রতিরক্ষা বাঁধ মেরামতের কাজ শুরু হতে পারে বলেও জানান তিনি। বাঁধের ঝুঁকিপূর্ণ গ্রাম এলাকার দিকে পাউবোর নজর রয়েছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী।