ধলাই বাঁধ ভেঙে ৫০ হাজার মানুষ পানিবন্দী
পাহাড়ি ঢল ও গত দুই দিনের টানা বর্ষণে ধলাই নদীর বাঁধের ছয়টি স্থানে ভাঙন তৈরির ফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উপজেলার ইসলামপুর, আদমপুর, মাধবপুর, কমলগঞ্জ, শমশেরনগর, আলীনগর ও মুন্সীবাজার ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার লোক বর্তমানে পানিবন্দী হয়ে পড়েছে।বৃষ্টি অব্যাহত থাকায় দ্রুত পানি বৃদ্ধিতে আরও বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া আউস ও আমন ধানের চারাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ধলাই বাঁধের আরও ২৫টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পানিবৃদ্ধি অব্যাহত ছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, নতুন করে ভাঙন প্রতিরোধে ধলাই বাঁধের ঝুকিপূর্ণ কয়েকটি স্থানে বালুর বস্তা ফেলা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপণ করে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন বলেন, উপজেলার ১১০ হেক্টর জমির আউস ফসল বন্যায় তলিয়ে গেছে।