ধলাই সেতুর ত্রুটি সারানোর কাজ অচিরেই: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলাই নদের ওপর সিলেট বিভাগের দীর্ঘতম সেতু পরিদর্শন করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের৷ গতকাল বুধবার তিনি সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক পরিদর্শন করে সেতুর ঝুঁকিপূর্ণ দিক খতিয়ে দেখেন৷
দুপুর ১২টা পর্যন্ত মন্ত্রী সেতু এলাকায় অবস্থান করেন৷ এ সময় তিনি সেতুর অভিভাবকহীন প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘এ সেতুর অভিভাবক এখন আমিই৷ অচিরেই ত্রুটি সারানোর কাজ শুরু করা হবে৷’
ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাশের ধলাই নদের উভয় তীরের মানুষের যাতায়াত-সুবিধায় প্রায় ৪৩৪ দশমিক ৩৫ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৫ মিটার প্রস্থের এ সেতু ২০০৬ সালে উদ্বোধন করা হয়৷ চারদলীয় জোট সরকার আমলের শেষ দিকে এ সেতুর উদ্বোধন করেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান৷ সেতুর নামকরণও হয় তাঁর নামে৷ আট বছরের মাথায় সেতুটির সাতটি স্থানে ফাটল দেখা দেয়৷ ভেঙে পড়েছে এর রেলিং৷
গতকাল প্রথম আলোর বিশাল বাংলা পাতায় এ-সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়৷ এ পরিপ্রেক্ষিতে সিলেট সফররত যোগাযোগমন্ত্রী সকালে সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক পরিদর্শন করে সেতু এলাকায় যান৷ সেখানে গিয়ে প্রায় ১৫ মিনিট সেতুর ঝুঁকিপূর্ণ দিক খতিয়ে দেখেন৷ সেতুর অভিভাবকহীন থাকা প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী স্থানীয় জনসাধারণকে বলেন, ‘সওজের সেতু প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়িত হয়েছে৷ সুতরাং, এর কর্তৃপক্ষ সওজ৷ সেতুর অভিভাবক এখন আমিই৷ ঝুঁকি কাটাতে অচিরেই ত্রুটি সারানোর কাজ শুরু করা হবে৷’
‘সড়ক ক্যানসারে আক্রান্ত’: এর আগে মন্ত্রী সিলেট থেকে কোম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জ সড়কের ৩৪ কিলোমিটার অংশ পরিদর্শন করেন৷ সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত তিনি সড়ক পরিদর্শন করেন৷ সড়কপথে তিনি টুকেরবাজার গেলে সেখানে চলাচলের দুর্ভোগ লাঘবে মন্ত্রীর আশু হস্তক্ষেপ দাবি করে স্থানীয় জনতা বিক্ষোভ করে৷
এ সময় যোগাযোগমন্ত্রী বলেন, ‘সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কটি ক্যানসারে আক্রান্ত হয়েছে৷ দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না করায় এমন বেহাল দশা৷ সড়কটির জন্য উচ্চমানের চিকিৎসা প্রয়োজন৷ দু-এক দিনের মধ্যেই জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার কাজ শুরু করা হবে৷’ মন্ত্রী জানান, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কটি জাতীয় মহাসড়ক হিসেবে স্থায়ীভাবে সংস্কারের জন্য ৬০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ একনেকের অনুমোদন পেলে বর্ষা মৌসুমের পরপরই কাজ শুরু হবে৷
‘বিএনপি ব্যর্থ’: সড়ক ও সেতু পরিদর্শন করে দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিং করেন যোগাযোগমন্ত্রী৷ তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে অন্ধকারে ঢিল ছুড়ছে৷ এটা বিএনপির দেউলিয়াত্বের প্রমাণ৷’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার খালেদা জিয়ার দাবি প্রসঙ্গে মন্ত্রী প্রশ্ন তুলে বলেন, ‘দু-একজনের জন্য গোটা বাহিনীকে কী করে দায়ী করা যায়? আপনি (খালেদা) ক্ষমতায় গেলে কি র্যাবকে দেওয়া স্বাধীনতা পদক ফিরিয়ে নেবেন?’ এসব ওলট-পালট কথাবার্তা না বলে এবং দেশকে অস্থিতিশীল করার রাজনীতি বন্ধ করে গঠনমূলক রাজনীতি করতে বিএনপিকে আহ্বান জানান যোগাযোগমন্ত্রী৷