ধলালেজ শিলাফিদ্দার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধলালেজ শিলাফিদ্দা (নারী)। ছবিটি রাজশাহীর চর এলাকা থেকে সম্প্রতি তোলা । প্রথম আলো
ধলালেজ শিলাফিদ্দা (নারী)। ছবিটি রাজশাহীর চর এলাকা থেকে সম্প্রতি তোলা । প্রথম আলো

নল-ঘাসের আড়ালে হারিয়ে গেলেন ফিলিপ। রাজশাহীর আকাশের বৃষ্টি বৃষ্টি চেহারা। দূরের সবকিছুই অস্পষ্ট। কুয়াশা মেশানো। অনেকক্ষণ আর তাঁর দেখা পাওয়া গেল না। ফিলিপের পুরো নাম ফিলিপ রাউন্ড। যুক্তরাজ্যের পাখিবিজ্ঞানী। তিনি কখনো ধলালেজ শিলাফিদ্দা পাখিটি দেখেননি। এ নিয়ে বাংলাদেশে এলেন সাতবার।
রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় টি-বাঁধের বিপরীতে এই চরে ২০০৭ সালে প্রথম পাখিটির ছবি তোলা হয়। গবেষণায় ধরা পড়েছে, ২০ বছর ধরে ধলালেজ শিলাফিদ্দাকে শুধু রাজশাহীর এই চরেই দেখা যায়। গত ২ মার্চ সকালে পাখি দেখার এই দলে ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্যরা ও স্থানীয় আরও কয়েকজন। নৌকা থেকে নেমে চরে উঠেই বিশেষজ্ঞরা খানিকটা হতাশ হলেন। সেই চর আর নেই। মাঝখান দিয়ে ঢুকে গেছে পদ্মা মূলধারা। বাকি চরটা ছোট্ট দ্বীপের মতো দাঁড়িয়ে আছে। খানিকটায় আবার চাষবাস হয়েছে। মাঝখানে একটা ভ্রাম্যমাণ ফুচকার দোকান। এটা কোনোমতেই পাখিবান্ধব পরিবেশ নয়। হতাশা নিয়েই পাখিপ্রেমীরা দুরবিন চোখে তুললেন। ফিলিপ রাউন্ড আগে। তাঁর পেছনে পেছনে সবাই। দুরবিনে ধরা পড়ে একটি ইউরেশিয়া মোটাহাঁটু পাখি। এই চরে এর আগে একসঙ্গে ১২টি মোটাহাঁটু দেখা গেছে। এবারও রয়েছে চারটি। বাংলাদেশের আর কোথাও একসঙ্গে এতগুলো মোটাহাঁটু দেখা যায়নি।
ফিলিপের লক্ষ্য ধলালেজ শিলাফিদ্দা। এটি একটি ছোট পোকাশিকারি পাখি। ইংরেজি নাম White-tailed Stone Chat. বৈজ্ঞানিক নাম Saxicola leucura. দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার। ডানা ছয় দশমিক ছয় সেন্টিমিটার। ঠোঁট এক দশমিক পাঁচ সেন্টিমিটার। পা দুই সেন্টিমিটার ও লেজ পাঁচ সেন্টিমিটার। প্রাপ্তবয়স্ক মেয়েপাখির চেহারা ছেলেপাখির থেকে ভিন্ন। ছেলেপাখির পিঠের দিক কালো ও বাদামি এবং দেহের নিচের দিক কমলা ও সাদা। এর মাথার চাঁদি, কান-ঢাকনি ও গলা কালো। ঘাড়ের স্পষ্ট সাদা পট্টি গলার পাশ পর্যন্ত বর্ধিত হয়েছে। কোমর ও লেজের পালকের মাঝের অংশ সাদা। প্রাপ্তবয়স্ক মেয়েপাখির পিঠে ধূসর-বাদামি লম্বা দাগ রয়েছে। সাদা গলা ও বুকে পীতাভের আভাসহ দেহতল ফিকে রঙের। ভ্রুরেখা পীত রঙের। কান-ঢাকনি বাদামি। ডানার পালক-ঢাকনিতে ছোট্ট সাদা পট্টি রয়েছ। কোমর লালচে। পালকের ফিকে প্রান্তদেশসহ লেজ ফিকে বাদামি রঙের। চোখ, ঠোঁট ও পা সবই কালো।
ধলালেজ শিলাফিদ্দা সাধারণত নলবন, বাদাভূমির উঁচু ঘাস ও বড় নদীর ধারে বিচরণ করে। পাখি দেখা দলের একাংশ একটা নৌকা নিয়ে নদীর দক্ষিণ-পশ্চিম দিকে জেগে ওঠা নতুন চরে গেলেন। দুপুর ১২টার মধ্যে ফিরে এলেন। বার্ড ক্লাবের সদস্য সুমেরু অভিযাত্রী তারেক অণু বললেন, ওপারে তাঁরা প্রায় দেড় হাজার হাঁস দেখেছেন। এর মধ্যে চখাচখি, ল্যাঞ্জা হাঁস, খুন্তে হাঁস, পিয়ং হাঁস, গিরিয়া হাঁস, খোঁপা ডুবুরি ও বড় পানকৌড়ি রয়েছে। একই সঙ্গে ফিরে এলেন ফিলিপ রাউন্ড। পাঁচটি ধলালেজ শিলাফিদ্দা দেখতে পেয়েছেন তিনি। ভীষণ খুশি। কিন্তু তিনি আশঙ্কা ব্যক্ত করলেন, এই নল-ঘাসের জায়গাটুকু নষ্ট করে ফেললে এই পাখি বাংলাদেশ থেকেই হারিয়ে যাবে। বললেন, এই জায়গাটা সংরক্ষণ করা দরকার। একই সঙ্গে এখানে মানুষের অবাধ বিচরণের ওপর কড়াকড়ি আরোপ করা জরুরি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু ধলালেজ শিলাফিদ্দা নয়, এই চরে বালি নাকুটি, ভোমরা ছোটন, বাংলা ঝাড় ফিদ্দা, ধানী তুলিকা, উদয়ী অভ্র ভরত ও বালি ভরতের বাসা রয়েছে। এই মুহূর্তে এই চরে আনুমানিক ১০ হাজার পাখির ডিম রয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম বলেন, তাঁরা সব ধরনের পাখির সুরক্ষার জন্যই কাজ করছেন। এখানকার পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করার জন্যও তাঁরা পদক্ষেপ নেবেন।