ধলেশ্বরী খনন কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খনন না করায় মৃতপ্রায় ধলেশ্বরী নদী
খনন না করায় মৃতপ্রায় ধলেশ্বরী নদী

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী খননের দাবিতে পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এর পরিপ্রেক্ষিতে নদীটি খননের উদ্যোগ নেয় জাতীয় নদী রক্ষা কমিশন। তবে দেড় বছরেও নদী খননের প্রাথমিক জরিপকাজ শুরু হয়নি।
এই নদী খনন বাস্তবায়নের জন্য ‘ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন কমিটি’ গঠন করা হয়। কমিটির কয়েকজন সদস্য বলেন, নদীর উৎসমুখ সাটুরিয়ার তিল্লী থেকে জেলা সদরের জাগীর পর্যন্ত ১০ কিলোমিটার খনন করা হলে নদীটি স্বাভাবিক গতি পাবে। এ কারণে পাঁচ বছর ধরে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন সংগঠন নদী খননের দাবিতে মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সভা-সমাবেশ করছে। ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নদী রক্ষায় গণসমাবেশ করে আন্দোলন কমিটি। এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
জেলা প্রশাসন এবং ওই কমিটি সূত্রে জানা গেছে, এলাকাবাসী ও পরিবেশবাদী সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে গত ২৯ অক্টোবর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম নদীর তিল্লী এলাকা পরিদর্শন করেন। সে সময় কমিশনের চেয়ারম্যান বলেন, নদীটি খনন করা হলে যমুনার পানি সহজেই ঢাকার বুড়িগঙ্গায় নেওয়া সম্ভব। নদী খননের লক্ষ্যে ১০ কর্মদিবসের মধ্যে জরিপ দল গঠন করে কাজ শুরু হবে। কিন্তু দেড় বছরেও জরিপ দল গঠন করা হয়নি।
আন্দোলন কমিটির সদস্যসচিব আবদুল হামিদ বলেন, সাটুরিয়া, সদর ও সিঙ্গাইরের সহস্রাধিক একর জমির কৃষিকাজে এই নদীর পানি ব্যবহৃত হতো। এখন নদীতে পানি না থাকায় কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
গত বৃহস্পতিবার জাগীর এলাকায় গিয়ে দেখা যায়, নদীর কিছু অংশে পানি রয়েছে। বেশির ভাগ অংশে বোরো, আমন ও ভুট্টার আবাদ করা হয়েছে। কোথাও আবার অস্থায়ী বসতভিটা তৈরি করা হয়েছে। তিল্লী এলাকায় দেখা যায়, নদীর উৎসমুখ পলিতে ভরাট হয়ে গেছে। এর আশপাশের জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, পরিবেশ ও প্রতিবেশের জন্য নদীটি খনন করা প্রয়োজন। জাতীয় নদী রক্ষা কমিশন প্রাথমিক জরিপ শেষে খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করবে।
পাউবোর মানিকগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল হামিদ মিয়া বলেন, নদী খননের আগে ভূমির জরিপ, নকশাসহ প্রাথমিক বেশ কিছু কাজ করতে হয়। বিআইডব্লিউটিএ, এলজিইডিসহ সরকারের চারটি দপ্তর যৌথভাবে এ কাজগুলো করে থাকে। কিন্তু প্রাথমিক কাজগুলো এখনো করা হয়নি।